সম্প্রতি ফেসবুকে কালের কন্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে বলা হচ্ছে, "সরকার ঘোষিত বিভিন্ন কার্ডের অর্থায়নের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।" কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। কালের কণ্ঠের লোগো ও ফরম্যাট ব্যবহার করে এই ভুয়া কার্ডগুলো তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটিতে প্রকাশের তারিখ দেওয়া আছে ২ আগস্ট ২০২৩ এবং নিচে কালের কণ্ঠের অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়েছে। কিন্তু উক্ত তারিখে কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে এই ছবি সংবলিত একই তথ্য যুক্ত কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। তাছাড়া ২০২৩ সালে ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ছিলেন না। তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।
তাছাড়া, কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজে ইকবাল হাসান মাহমুদ টুকুর একই ছবি যুক্ত কিছু ফটোকার্ড পাওয়া যায়। তবে সেগুলোর মূল শিরোনাম ছিল ভিন্ন কিছু। এছাড়াও, ২০২৩ সালে কালের কণ্ঠের আসল ফটোকার্ডের ডিজাইন সম্পূর্ণ আলাদা ছিল। সেগুলোর সাথে ভাইরাল ফটোকার্ডের ডিজাইনের কোনো মিল নেই।
অন্যদিকে, মূলধারার কোনো সংবাদমাধ্যমে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিদ্যুতের দাম বৃদ্ধি সংক্রান্ত এই ধরণের বক্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
তাই এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে এই ছবি নিয়ে এআই ডিটেকশন টুল ‘VerifyAI’ এবং ‘Hive Moderation’ দিয়ে যাচাই করা হয়। টুলগুলো বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ করে জানায়, ফটোকার্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।
Claim: বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে বলা হচ্ছে, "সরকার ঘোষিত বিভিন্ন কার্ডের অর্থায়নের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।"
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh