বাংলাদেশে তৈরি হচ্ছে বাবরি মসজিদ- এমন দাবিতে ছড়াল এআই ছবি

48
বাংলাদেশে তৈরি হচ্ছে বাবরি মসজিদ- এমন দাবিতে ছড়াল এআই ছবি
বাংলাদেশে তৈরি হচ্ছে বাবরি মসজিদ- এমন দাবিতে ছড়াল এআই ছবি

‘বাংলাদেশে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে’- এমন দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। তবে এখানে যে ছবি ব্যবহার করা হয়েছে, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত। বাংলাদেশের কেরানীগঞ্জে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, তবে এ দুই স্থানের কোথাও আনুষ্ঠানিকভাবে কোনো নির্মাণ কাজ শুরু হয়নি। সঙ্গত কারণে এ সকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

মুঘল সম্রাট বাবরের স্মৃতিবিজড়িত অযোধ্যার বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ সহ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে  ভেঙে ফেলা হয়েছিল। সেই মসজিদের স্মৃতি ধরে রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্তে কিছু উদ্যোগ লক্ষ করা যায়। ভেঙে ফেলা মূল মসজিদ থেকে ২২ কিলোমিটার দূরে ‘অযোধ্যা মসজিদ’ নির্মাণের জন্য ৫ একর জমি বরাদ্দ করেছিল ভারত সরকার। তবে মসজিদের নকশা সহ কিছু জটিলতার কারনে এখনো কাজ শুরু হয়নি।

ঢাকার কেরানীগঞ্জ থানাধীন মোহাম্মাদপুরের কলাতিয়ায় বাবরি মসজিদের আদলে ও একই নামে একটি নতুন মসজিদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি এ মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন হেফাজতে ইসলামের তৎকালীন আমীর আল্লামা শাহ আহমদ শফী। সময় টেলিভিশনের একটি সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যাচ্ছে, ৫ বিঘা জমিটি এখনো খালি পড়ে আছে এবং সেখানে কোনো স্থাপনা নির্মাণ শুরু হয়নি।  হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক সম্প্রতি এই মসজিদের নির্মাণ কাজের জন্য অনুদানের আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বালিডাঙা, যেখানে তৃণমূল কংগ্রেসের সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবির বেসরকারিভাবে ২৫ বিঘা জমির উপরে ‘বাবরী মসজিদ কমপ্লেক্স’ নির্মানের উদ্যোগ নিয়েছেন। এই কমপ্লেক্সে মসজিদ ছাড়াও কলেজ,হাসপাতাল ,গেস্ট হাউজ ইত্যাদি থাকবে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর উক্ত স্থানের একটু দূরে মঞ্চ স্থাপন করে ফিতা কাটার মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা করা হয়। এই নির্মাণ কাজের জন্য আশপাশ থেকে অনেক ইচ্ছুক জনতা ইটসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নিয়ে আসছেন। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের ঘটনাস্থল থেকে করা প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে সেখানে কোনো নির্মান কাজ এখনো শুরু হয়নি।  

এই পটভূমিতে, ‘বাংলাদেশে বাবরি মসজিদ তৈরি হচ্ছে’ -ছবিসহ এমন একটি দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে দুইতলা একটি নির্মাণাধীন ভবন দেখা যাচ্ছে। ভবনের সামনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক হুমায়ূন কবিরকে দেখা যাচ্ছে, যিনি প্রকৃতপক্ষে ভারতের মুর্শিদাবাদের বাবরি মসজিদের উদ্যোক্তা।

এমন কয়েকটা পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

ছবিতে, দ্বিতল যে ভবনটি তৈরি করতে দেখা যাচ্ছে, সেটির নির্মণশৈলী দেখে একে সাধারণ কোনো আবাসিক বাড়ি বলে মনে হচ্ছে। মসজিদের ক্ষেত্রে সাধারণত ভেতরে খুব কম পিলার দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এই ভবনে চারদিকের দেয়াল ছাড়াও ভেতরে অনেক পিলারের ব্যবহার দেখা যাচ্ছে। এছাড়া ভবনের নিচতলার পিলারের সংখ্যার চেয়ে উপরতলায় বেশ কম পিলারের কাজ দৃশ্যমান হচ্ছে।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এই ছবি, বা নির্মাণাধীন এই ভবনের ছবি সনাক্ত করা সম্ভব হয়নি।  কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) সনাক্তকরণের জন্য ব্যবহৃত কয়েকটি টুল দিয়ে এই ছবি যাচাই করে জানা গেল, নির্মাণাধীন ভবনের সামনে পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ূন কবিরের দাঁড়িয়ে থাকার এই দৃশ্যটি এআই এর সাহায্যে নির্মান করা হয়েছে। এই টুলগুলোর মধ্যে ছিল হাইভ মডারেশন (hive moderation)এবং ওয়াজ ইট এআই (was it ai)?

সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এ সকল ছবিকে বিকৃত সাব্যস্ত করছে।  

Claim:
‘বাংলাদেশে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে’- এমন দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh