জিয়া পরিবারের ছবিযুক্ত নতুন নোট এখনও বাজারে আসেনি

27
জিয়া পরিবারের ছবিযুক্ত নতুন নোট এখনও বাজারে আসেনি
জিয়া পরিবারের ছবিযুক্ত নতুন নোট এখনও বাজারে আসেনি

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট ইস্যু করা হয়েছে এবং এখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি যুক্ত করা হয়েছে - এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন কোনো নতুন নোট জারি করা হয়নি। এ ধরনের কোনো নতুন নোটের পরিকল্পনার কথাও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এছাড়া যে ছবিগুলো অনলাইনে প্রচার করা হচ্ছে, সেগুলো প্রযুক্তির সহায়তায় বানানো বলে প্রতীয়মান হচ্ছে।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

এসব ছবিতে ৫০০, ১০০০ এবং ৬০০ টাকা মূল্যমানের নোট দেখা যায়। 

এসব পোস্টে প্রদর্শিত ১০০০ টাকার নোটটি নীলচে কালো রঙের। এর একপাশে তারেক রহমানের ছবি এবং অন্য পাশে ধানের শীষ এবং স্মৃতিসৌধের ছবি। বর্তমানে প্রচলিত ১০০০ টাকার নোটের সাথে এর রঙের দিক দিয়ে মিল রয়েছে। এই নোটের সিরিয়াল নম্বর হিসেবে লেখা রয়েছে ‘হ . ল ১০০৫০৭৮’ । বাংলাদেশ ব্যাংকের জারিকৃত নোটগুলোতে ৭ ডিজিটের ক্রমিক নম্বরের পূর্বে দুইটি বাংলা বর্ণ থাকে, তবে এভাবে বর্ণদের মাঝে ডট (.) থাকে না।

৫০০ টাকার হালকা সবুজ রঙের নোটের বামপাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি, এবং ডানদিকে তারই ছবির জলছাপ রয়েছে। মাঝের অংশে মাঠে কর্মরত কৃষক-কৃষাণীদের একটি ছবি রয়েছে, যে অংশে সাধারণত টাকার মূল্যমান, নিশ্চয়তা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে, যা এই নোটে অনুপস্থিত। এই নোটে আবার বাংলা এবং ইংরেজিতে ক্রমিক নম্বর লেখা থাকলেও নাম্বারটি দুই ভাষাতে সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে।

৫০০ টাকার দ্বিতীয় নোটটির বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং ডানপাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি রয়েছে। ডিসেম্বর, ২০২৫ এ চালু করা সাম্প্রতিক ৫০০ টাকার সবুজ রঙের ব্যাংক নোটের সাথে এই নোটের মিল রয়েছে। উক্ত নোটের বামপাশে শহীদ মিনার এবং ডানপাশে জলছাপ রয়েছে। 

তবে ৬০০ টাকার ব্যাংক নোটের সাথে বাজারে প্রচলিত কোনও নোটেরই মিল নেই। এছাড়া এই নোটের শরীরে ভুল বানানে ‘ছিয়শত টাকা’ লেখা হয়েছে। নোটে একটি ক্রমিক নম্বর থাকলেও সেই ক্রমিকের পূর্বে কোনো বাংলা বর্ণ নেই।

সাধারণত যেকোনো নোটে তার মূল্যমান নিশ্চিত করার জন্য লেখা থাকে, ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচশত টাকা (বা এক হাজার টাকা বা অন্য অঙ্ক) দিতে বাধ্য থাকিবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত’। এরপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।

তবে এই ৬০০ টাকার নোটে ভুল বানানে লেখা রয়েছে, ‘চাহিবামাত্র এই নোটখানা ছিয়শত টাকা ………’(পরবর্তী কথাগুলো স্পষ্ট পড়া যাচ্ছে না)।

বিভিন্ন দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাংক অনেক সময় স্মারক নোট বের করে থাকে। অতীতে প্রকাশিত স্মারক নোটগুলোর মধ্যে ২৫, ৪০, ৬০, ৭০ ইত্যাদি অস্বাভাবিক সংখ্যার নোট থাকলেও কখনো ৬০০ টাকা মূল্যমানের স্মারক নোট বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেনি।


নিয়ম অনুযায়ী, বাংলাদেশে প্রচলিত সরকারি নোটগুলোতে (অর্থাৎ, ১,২ আর ৫ টাকার নোটে) অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর ব্যাংক নোটগুলোতে (অর্থাৎ, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। সেই মোতাবেক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরযুক্ত ১০০০, ৫০০, ১০০, ৫০, ২০, ১০ টাকার নোট বর্তমানে বাজারে প্রচলিত আছে। নতুন গভর্নর মোঃ মোস্তাকুর রহমান গত ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে দায়িত্বভার গ্রহণ করলেও এখনো তিনি কোনো নতুন ব্যাংক নোট জারি করেন নি, বা এমন কোনো আদেশ জনসমক্ষে প্রকাশিত হয়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এসব নোটের ছবির মধ্যে ৫০০ টাকার একটি নোটে আহসান হাবিব মনসুরের স্বাক্ষর দেখা যায়। একটি নোটে কারো স্বাক্ষরই ছিল না। বাকি দু’টি নোটের স্বাক্ষর সনাক্ত করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, ড: ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে ৬ ধরনের নতুন ব্যাংক নোট জারি করা হয়। এদের মধ্যে ছিল ১০০০,৫০০,১০০,৫০,২০ ও ১০ টাকার নোট। এসব নোটে পুরোনো ডিজাইন বদলে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের সাথে সম্পর্কিত ছবি যুক্ত করা হয়। এই সব নোটে গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর ছিল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বাধীন নতুন জোট ক্ষমতা গ্রহণের পর এখনো কোনো নতুন নোট প্রকাশ করা হয়নি, বা নতুন নোট প্রকাশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত জনসমক্ষে প্রকাশিত হয়নি। ফেসবুকে নতুন নোটের যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে, সেগুলো প্রযুক্তির সাহায্যে বানানো হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই সকল পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।  

Claim:
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ৫০০ ও ১০০০ টাকার নতুন নোট ইস্যু করা হয়েছে এবং এখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি যুক্ত করা হয়েছে - এমন দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh