ডাঃ জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ওষুধের বিজ্ঞাপন, বিক্রি হচ্ছে দারাজে

10
ডাঃ জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ওষুধের বিজ্ঞাপন, বিক্রি হচ্ছে দারাজে
ডাঃ জাহাঙ্গীর কবিরের নামে ভুয়া ওষুধের বিজ্ঞাপন, বিক্রি হচ্ছে দারাজে

বিকল্প ধারার চিকিৎসক হিসেবে পরিচিত ডাঃ জাহাঙ্গীর কবিরের নাম ও ছবি ব্যবহার করে ডায়াবেটিসের একটি ওষুধের বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ এর ওয়েবসাইটেও জাহাঙ্গীর কবিরের ছবি ব্যবহার করে এই পণ্যটি বিক্রি হতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও এসব বিজ্ঞাপনে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর পরিচয় ব্যবহার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই পণ্যের সাথে জাহাঙ্গীর কবির সম্পৃক্ত নন। তিনি ডায়াবেটিস নিরাময়ের জন্য এই ওষুধ সেবনের পরামর্শ দেননি।

‘Dr Jahangi Kobir’ নামক আনভেরিফায়েড প্রোফাইলের এই পোস্টে বলা হয়েছে,

আমি ড: জাহাঙ্গীর কবির বলছি.. মাওলানা মিজানুর রহমান আজহারী সুস্থ। পোস্ট শেয়ার করুন, সবাইকে দেখান।ডা’য়া’বে’টিস নিয়ন্ত্রণ হবে মাত্র ৭-১৫ দিনে। ১২৯০ টাকায় ফুল কোর্স। ১ টার সাথে ১ টা ফ্রি। ৯০ দিনে ডায়বেটিস রোগ থাকবেনা। কোন ধরনের ঔষধ ছাড়া ডায়াবেটিকস নিয়ন্ত্রণ হবে মাত্র ৭-১৫ দিনে৷ ১০০%গ্যারান্টি সহকারে বুঝে নিন। প্রাকৃতিক উপায়ে ডায়াবেটিস স্থায়ীভাবে নিয়ন্ত্রণ হবে এই ডে-কেয়ার খেয়ে।”(বানান অপরিবর্তিত রাখা হয়েছে)

এই পোস্টে যে ছবি যুক্ত করা হয়েছে, সেখানে জাহাঙ্গীর কবির ও মিজানুর রহমান আজহারীর ছবি যুক্ত করা হয়েছে। সেই সাথে শিরোনাম হিসেবে লেখা হয়েছে- ‘৭ দিনে ডায়াবেটিস থেকে মুক্তি পেয়েছেন মিজানুর রহমান আজহারি হুজুর’।

এমন দাবিযুক্ত আরো কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে ,এখানে ,এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।    

এসব ফেসবুক পেজের সাথে কয়েকটি ওয়েবসাইটের সম্পৃক্ততা পাওয়া গেল। এগুলো হচ্ছে- হেলথকেয়ারবিডি শপ, আল্টিমেট অর্গানিক বিডি স্টোর, ড. জাহাঙ্গীর কবির শপ, আল্ট্রামার্ট বিডি ইত্যাদি। 

এসব ফেসবুক পেজে এবং পেজের সাথে সম্পৃক্ত ওয়েবসাইটে D-Care (Dia Control) নামক একটি ওষুধ বা মেডিকেল সাপ্লিমেন্টের বিজ্ঞাপন দেওয়া হয়েছে যেখানে ডাঃ জাহাঙ্গীর কবিরের নাম এবং ছবি ব্যবহার করা হয়েছে। এসব ওয়েবসাইট থেকে D-care এর মূল উপাদান বা উৎপাদক সম্পর্কে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি।

অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ এর ওয়েবসাইটেও জাহাঙ্গীর কবিরের ছবি ব্যবহার করে এই পণ্যটি বিক্রি হতে দেখা যাচ্ছে এবং এখানেও এই ওষুধের উৎপাদনকারী সংস্থার নাম কিংবা উপাদান সম্পর্কে কোনো তথ্য নেই। 

Screenshot

কোনো কোনো স্থানে এই D-Care (Dia Control) পণ্যটি বিএসটিআই পরীক্ষিত বলে দাবি করা হচ্ছে, বা বিএসটিআই এর সিল বিজ্ঞাপনে প্রদর্শন করা হচ্ছে। তবে অনুসন্ধানে জানা যাচ্ছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ৩৩০ রকম পণ্যের মান নিয়ন্ত্রণ করে থাকে।এদের মধ্যে ৩১৫ টি পণ্য বাধ্যতামূলক এবং ১৫ টি পণ্য স্বেচ্ছামূলক। এসব পণ্যের মধ্যে রয়েছে খাদ্য ও কৃষিজাত পণ্য, রাসায়নিক পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য, পাট ও টেক্সটাইল পণ্য এবং ইলেক্ট্রিকাল পণ্য। অর্থাৎ, কোনো ধরনের ওষুধ বা সাপ্লিমেন্টের মাণ নিয়ন্ত্রণের কাজ বিএসটিআই করে না। ফলে এই ধরনের পণ্যের ক্ষেত্রে বিএসটিআই এর সিল বা নাম ব্যবহার সঠিক নয়।  

হেলথকেয়ারবিডিশপ নামক ওয়েবসাইটে ডি-কেয়ারের সপক্ষে বিএসটিআই এর একটি সনদ প্রদর্শিত হয়েছে। এই সার্টিফিকেটে ডি-কেয়ারকে পণ্য মোড়কজাত করার অনুমতি দেওয়া হয়েছে। ঠিকানা হিসেবে ‘এলিট কর্পোরেশন, চৌধুরী বাড়ি, শিকারপুর, পশ্চিম কুয়াইশ, হাটহাজারি, চট্টগ্রাম’ ব্যবহার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা গেল, এই সার্টিফিকেটটি প্রযুক্তির সহায়তায় সামান্য এডিট করা হয়েছে। মূল সনদ দেওয়া হয়েছিল ‘এলিট পিওর’ এর ‘ড্রিংকিং পাউডার’ কে। এই প্রতিষ্ঠানের ঠিকানা ছিল  ‘এলিট কর্পোরেশন, চৌধুরী বাড়ি, শিকারপুর, পশ্চিম কুয়াইশ, হাটহাজারি, চট্টগ্রাম’। বিএসটিআই থেকে এদের পণ্য মোড়কজাত করার নিবন্ধন সনদ দেওয়া হয়েছিল ২৩-০৪-২০২৪ তারিখে। সেই সনদটাই সম্পাদনা করে ‘ডি কেয়ার’ এর নাম যুক্ত করে অনলাইনে প্রদর্শন করা হচ্ছে।

ডাঃ জাহাঙ্গীর কবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইলে নিশ্চিত করা হয়েছে যে এগুলো কোনোটাই জাহাঙ্গীর কবির পরিচালিত ওয়েবসাইট বা প্রতিষ্ঠান নয়। এছাড়া ডাঃ জাহাঙ্গীর কবির এমন কোনো পণ্য বিক্রি করেন না বলেও তার পেজ থেকে জানানো হয়েছে।

জাহাঙ্গীর কবির পরিচালিত আল্টিমেট অর্গানিক লাইফ এর ওয়েবসাইট ঘেঁটেও এই  D-care(Dia Control) সাপ্লিমেন্টটি দেখা যায়নি।

এছাড়া ডাঃ জাহাঙ্গীর কবির নামে পরিচালিত অসংখ্য আনভেরিফাইড পেজের সাথে তার সম্পর্ক নাই-এমনটা তিনি ইতিপূর্বেও জানিয়েছিলেন। ২০২৫ সালে তিনি এই বিষয়ে মামলাও করেছিলেন। সে সময়ে গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখতে পাবেন এখানে, এখানে, এখানে

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী ডায়াবেটিসে আক্রান্ত কিনা, সে বিষয়ে ওপেন সোর্স থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। পুরোনো একটি ওয়াজ মাহফিলে জনাব আজহারি ডুমুর ফল খেলে ডায়াবেটিস নিরাময় হয়-এমন দাবি করেছিলেন। তিনি বলেছিলেন ‘’ডায়াবেটিস আমাদের জাতীয় রোগ। অনেকের ডায়াবেটিস আছে না?এই ডায়াবেটিস আল্লাহ ভালো করে দিবেন । কি খাবেন? ডুমুর ফল খাবেন’’

তবে জনাব আজহারী নিজে ডায়াবেটিসে আক্রান্ত কি না, বা নির্দিষ্ট কোনো ওষুধ বা পণ্য খেয়ে তার ডায়াবেটিস উপশম হয়েছে কিনা, এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিষয়ে বক্তব্য জানতে চেয়ে বার্তা প্রেরণ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।


বিভিন্ন সার্চ ইঞ্জিনে D-Care (Dia Control) নামক পণ্যটির মূল উৎপাদককে খোঁজার চেষ্টা করেও কোনো ফলাফল পাওয়া যায়নি।  দি হোয়াইট হর্স ফার্মাসিউটিকালস লিমিটেড D-Care নামে একটি ওষুধ উৎপাদন করে, যেটি প্রকৃতপক্ষে ভিটামিন ডি ট্যাবলেট। এছাড়া ইন্ডিয়ামার্ট নামক একটি অনলাইন মার্কেটপ্লেসে D-Care Diab Capsule নামক একটি পণ্য পাওয়া গেল। এর সম্পর্কিত তথ্যে বলা হয়েছে, এটি একটি আয়ুর্বেদিক পণ্য এবং নয়া দিল্লির সানপ্রা ফার্মা এটি তৈরি করে। সানপ্রা সিনথেসিস এর একটি ওয়েবসাইট শনাক্ত করা সম্ভব হলেও সানপ্রা ফার্মা নামক আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারকের কোনো ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়নি।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই সকল পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

Claim:
বিকল্প ধারার চিকিৎসক হিসেবে পরিচিত ডাঃ জাহাঙ্গীর কবিরের নাম ও ছবি ব্যবহার করে ডায়াবেটিসের একটি ওষুধের বিজ্ঞাপন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ এর ওয়েবসাইটেও জাহাঙ্গীর কবিরের ছবি ব্যবহার করে এই পণ্যটি বিক্রি হতে দেখা যাচ্ছে। কোথাও কোথাও এসব বিজ্ঞাপনে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর পরিচয় ব্যবহার করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh