বলিউডের তিন খানের বাবরি মসজিদে আর্থিক অনুদানের দাবিতে এআই ছবি প্রচার

65
বলিউডের তিন খানের বাবরি মসজিদে আর্থিক অনুদানের দাবিতে এআই ছবি প্রচার
বলিউডের তিন খানের বাবরি মসজিদে আর্থিক অনুদানের দাবিতে এআই ছবি প্রচার

ভারতের মুর্শিদাবাদে নতুনভাবে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগে বলিউড তারকা শাহরুখ খান,সালমান খান বা আমির খান বড় অঙ্কের অর্থ সাহায্য করছেন- এমন দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে উক্ত তারকাদের তরফ থেকে এমন কোনো ঘোষণা জনসমক্ষে দেখা যাচ্ছে না। এছাড়া যেসব ছবি বা ভিডিও দিয়ে এই দাবি করা হচ্ছে, সেই ছবি বা ভিডিওগুলো আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে প্রমাণ পাওয়া যাচ্ছে।

বাবরি মসজিদের জন্য শাহরুখ খান ২৫ কোটি টাকা দান করেছেন, এমন দাবিসংবলিত কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে এবং এখানে। 

এখানে শাহরুখ খানকে একটি বড় চেকের রেপ্লিকা হাতে দেখা যায়। চেকে তারিখ হিসেবে ৪ সেপ্টেম্বর ২০২৪ দেখা যাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ৬ ডিসেম্বর। অর্থাৎ এই চেক বাবরি মসজিদের অনুদানের জন্য নয় কোনোভাবেই। 

এছাড়া এই চেকে সংখ্যার স্থানে লেখা হয়েছে 25,00,00,0000 ,অর্থাৎ, ২৫ কোটি লিখতে যতগুলো শূন্য লাগে তার চেয়ে একটি বেশি শূন্য রয়েছে এখানে। এই সংখ্যাটা কথায় লেখা হয়েছে ‘Twenty Esse Crore Only’, যা কোনো অর্থ বহন করে না।

এছাড়া শাহরুখ খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাবরি মসজিদে কোনো অনুদানের ঘোষণা দেখা যাচ্ছে না। মূলধারার কোনো গণমাধ্যমেও এমন কোনো সংবাদ দেখা যাচ্ছে না।

সর্বোপরি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই শনাক্তকরণের জন্য ব্যবহৃত কিছু প্রযুক্তি ব্যবহার করে দেখা গেল, ছবিটি এ আই দিয়ে তৈরি করা হয়েছে। এসব টুলের মধ্যে ছিল হাইভ মডারেশন (hive moderation) , ডিকপি (decopy), মাই ডিটেক্টর (my detector), ওয়াজ ইট এআই(was it ai),ইত্যাদি ।

বলিউডের আরেকজন মুসলিম নায়ক, সালমান খান বাবরি মসজিদের জন্য ১০ কোটি টাকা দিয়েছেন-এমন দাবিযুক্ত কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে এবং এখানে

এই ছবিতে সালমান খানের হাতে যে চেকটি দেখা যাচ্ছে, সেখানে ‘Ten crore Taka Only’ কথাটি দেখা যাচ্ছে। যদিও সেখানে ‘Ten crore rupee’ থাকাটাই যথাযথ হত। এছাড়া চেকে টাকার অঙ্কটিতে ২ বা ৩ ঘর পর পর কমা বসানোর নিয়ম অনুসরণ করা হয়নি। বরং এক ঘর পরেই কমা বসাতে দেখা গিয়েছে। টাকার অংকটি লেখা হয়েছে এভাবে-  ‘10,00,0,0,000/=’
সালমান খানের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে বাবরি মসজিদে অনুদানের কোনো তথ্য দেখা যাচ্ছেনা। এছাড়া এআই শনাক্তকারী টুলে এই ছবিকেও এআই হিসেবে চিহ্নিত করা গিয়েছে। 

বলিউডের আরেক মুসলিম নায়ক, আমির খানকে নিয়েও অনুরূপ প্রচারণা দেখা যাচ্ছে। যেমন দেখুন এখানে,এখানে,এখানে

এই চেকেও টাকার অঙ্ক লেখার ক্ষেত্রে অসঙ্গতি দেখা যাচ্ছে। এছাড়া আমির খানের ভেরিফায়েড ফেসবুক একাউন্ট বা কোনো গণমাধ্যমে তার অনুদানের খবর দেখা যাচ্ছে না। তার ৫ বা ১০ কোটি টাকার চেকসহ এই ছবিটাই এআই দিয়ে নির্মিত বলে শনাক্তকারী টুলগুলোর পর্যবেক্ষণে পাওয়া যাচ্ছে।

এছাড়া, ১০ ডিসেম্বর রাতের হিসাব পর্যন্ত বাবরি মসজিদের ফান্ডে ৩ কোটি টাকা জমা পড়েছে। বলিউডের নায়কদের ৫ কোটি, ১৫ কোটি বা ২০ কোটি অনুদানের কোনো তথ্য মসজিদ কমিটির কাছে নেই, বা এমন বড় অংকের অর্থ তাদের কাছে গিয়েছে বলে জানা যায়নি।

সার্বিক বিবেচনায়, এই সকল ছবিগুলোকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

Claim:
ভারতের মুর্শিদাবাদে নতুনভাবে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগে বলিউড তারকা শাহরুখ খান,সালমান খান বা আমির খান বড় অঙ্কের অর্থ সাহায্য করছেন- এমন দাবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh