বিভিন্ন সংসদীয় আসনের বুথফেরত জরিপের ফলাফল নিয়ে কয়েকটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিটি জরিপেই জামায়াতে ইসলামীর প্রার্থী এগিয়ে আছে দেখানো হয়েছে। চ্যানেল টুয়েন্টিফোর, দৈনিক ইনকিলাব ইত্যাদি সংবাদমাধ্যমের নাম ও লোগো এই কাজে ব্যবহৃত হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, চ্যানেল টুয়েন্টিফোর বা দৈনিক ইনকিলাব থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। ভারত, আমেরিকাসহ বিভিন্ন দেশে নির্বাচনের পরে বুথফেরত জরিপ প্রকাশ করা হলেও, বাংলাদেশে এ ধরনের জরিপ কখনো দেখা যায়নি। ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে এবং কোনো ধরনের আনুষ্ঠানিক/অনানুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষণা করা হয়নি
চ্যানেল টুয়েন্টিফোরের লোগোযুক্ত এসব ফটোকার্ডের শিরোনাম ছিল- ‘ঠাকুরগাঁও ১ বুথফেরত জরিপ : ৩৩ শতাংশ ভোট পড়েছে ধানের শীষে,৬১ শতাংশ দাঁড়িপাল্লায়।’
এছাড়া এই কার্ডে এই আসনের ২ প্রধান প্রতিদ্বন্দী বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে।
চ্যানেল টুয়েন্টিফোর এর ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যাচ্ছে, এই পেজ থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। তদুপরি, বিকাল ৪টা ১১ মিনিটে অপর এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে যে এই ফটোকার্ডটি ভুয়া। ‘৩৩ শতাংশ ভোট পড়েছে ধানের শীষে, ৬১ শতাংশ ভোট দাঁড়িপাল্লায়’ বলে প্রচারিত তথ্যটি চ্যানেল 24 এর ফটোকার্ড ব্যবহার করে ছড়ানো ভুয়া তথ্য’- এমনটাই নিশ্চিত করা হয়েছে উক্ত পোস্টে।
এছাড়া, দৈনিক ইনকিলাবের ফটোকার্ডে দিনাজপুর-১ আসনের আরেকটি বুথফেরত জরিপের ফলাফল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব কার্ডে বলা হয়েছে, দিনাজপুর ১ বুথফেরত জরিপ : ৩৪ শতাংশ ভোট পড়েছে ধানের শীষে,৬০ শতাংশ দাঁড়িপাল্লায়।
দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যাচ্ছে, ১২ ফেব্রুয়ারি এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পেজ থেকে ১৯টি ফটোকার্ড প্রকাশিত হয়েছে। তবে আলোচ্য ফটোকার্ডটি তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এছাড়া, ইনকিলাবের এ ধরনের ফটোকার্ডে শিরোনামটি নীল কালিতে লেখা হলেও আলোচ্য ফটোকার্ডে এই শিরোনাম লেখা হয়েছে কালো কালিতে। মূল ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে এই কার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্যণীয়। দৈনিক ইনকিলাব একটি প্রতিবেদনেও জানিয়েছে যে এই ফটোকার্ডটি ভুয়া।
এছাড়া, চ্যানেল টুয়েন্টিফোর এর ফটোকার্ড ব্যবহার করে গাইবান্ধা-৩ এবং ঠাকুরগাঁও-৩ এর ভুয়া বুথফেরত জরিপ প্রকাশিত হয়েছে। ঠাকুরগাঁও-৩ এর জরিপে দাবি করা হয়েছে, ২৩ শতাংশ ভোট পড়েছে ধানের শীষে, ৪৮ শতাংশ দাঁড়িপাল্লায়, ১৮ শতাংশ লাঙল মার্কায়। (এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে)
আর গাইবান্ধা-৩ এর বুথফেরত জরিপে দাবি করা হয়েছে, ১৩ শতাংশ ভোটে পিছিয়ে ধানের শীষ। (এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে,এখানে, এখানে, এখানে)
বলাবাহুল্য, এই জরিপগুলোও চ্যানেল টুয়েন্টিফোর থেকে প্রকাশিত হয়নি, বরং এগুলো ভুয়া ফটোকার্ড।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই সকল পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
Claim: বিভিন্ন সংসদীয় আসনের বুথফেরত জরিপের ফলাফল নিয়ে কয়েকটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিটি জরিপেই জামায়াতে ইসলামীর প্রার্থী এগিয়ে আছে দেখানো হয়েছে। চ্যানেল টুয়েন্টিফোর , দৈনিক ইনকিলাব ইত্যাদি সংবাদমাধ্যমের নাম ও লোগো এই কাজে ব্যবহৃত হচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh