শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় লাখ লাখ জনতা মিছিল করেছে - এমন দাবিযুক্ত যমুনা টিভির নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, যমুনা টিভি থেকে এমন কোনো ফটোকার্ড প্রচার করা হয়নি। গোপালগঞ্জ এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সমর্থনে সীমিত আকারে বিভিন্ন সময়েই মিছিল হয়েছে, তবে বড় আকারে বা ‘লাখ লাখ লোকের জমায়েত’ নিয়ে কোনো মিছিল নিকট অতীতে দেখা যায়নি।
যমুনা টিভির লোগোযুক্ত এই ফটোকার্ডের শিরোনাম ছিল- ‘’শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জ লাখ লাখ জনতার মিছিল’’। (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)
এছাড়া, যমুনা টিভির লোগোযুক্ত একই ধরনের আরেকটি ফটোকার্ড দেখা যাচ্ছে যেখানে শিরোনাম ছিল ‘‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় লাখ লাখ জনতার মিছিল’’। এমন কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
যমুনা টিভির অন্যান্য ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে , সংবাদ শিরোনাম জাতীয় ফটোকার্ডগুলোর ক্ষেত্রে নিচে ডানদিকে তারিখটি লেখা থাকে। (যেমন দেখুন এখানে, এখানে) আর উদ্ধৃতি জাতীয় ফটোকার্ডের ক্ষেত্রে নিচে ছোট করে কেবল বক্তার নাম থাকে, তবে কোনো তারিখ থাকে না (যেমন দেখুন এখানে, এখানে, এখানে)। তবে আলোচ্য এই ফটোকার্ডগুলো সংবাদ শিরোনাম ধরনের হওয়ার পরেও এখানে কোনো তারিখ উল্লেখ করা হয়নি।
যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যাচ্ছে, ‘ঘরের বাজার’ স্বস্তি ঘি এর বিজ্ঞাপনসহ কয়েকটি ফটোকার্ড ৮ থেকে ১১ মার্চ যমুনা টিভির পেজে প্রকাশিত হয়েছিল। এমন কয়েকটি কার্ড দেখতে পাবেন এখানে, এখানে, এখানে। তবে আলোচ্য দু’টি ফটোকার্ড উক্ত ভেরিফায়েড পেজে খুঁজে পাওয়া যায়নি। স্বস্তি ঘি এর বিজ্ঞাপনযুক্ত ভিন্ন কোনো ফটোকার্ড সম্পাদনা করে এই দুটি কার্ড তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
এখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, রিভার্স ইমেজ সার্চের সাহায্যে দেখা যাচ্ছে, ২০২৪ সালের ৩ আগস্ট এই ছবিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। চট্টগ্রামভিত্তিক ‘সুপ্রভাত’ এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় জমায়েতের দৃশ্য ছিল এটি। একটু ভিন্ন কম্পোজিশনে বার্তা বাজারেও একই ছবিটি দেখা যায়।
এসব ফটোকার্ডে ব্যবহৃত দ্বিতীয় আরেকটি জমায়েতের ছবির ক্ষেত্রেও পুরনো ছবি ব্যবহারের প্রমাণ পাওয়া যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৩ সালের সমাবেশের একটি ছবিকে সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগের মিছিলের ছবি বলে প্রচার করা হচ্ছে। ইসলামী আন্দোলনের ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত ১৩মার্চ ২০২৩ তারিখের ভিডিও থেকে এই দৃশ্যটি পাওয়া যাচ্ছে। একই ছবি পুনরায় রেডিও টুডে এবং নিউ এজে ব্যবহৃত হতেও দেখা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিগত দেড় বছরে গোপালগঞ্জসহ দেশের কয়েক জায়গায় আওয়ামী লীগের বিচ্ছিন্ন কয়েকটি মিছিল হয়েছে। মূলত রাতের অন্ধকারে বা কম সংখ্যক লোকবল নিয়েই এসব মিছিল হয়েছিল। এমন কয়েকটি মিছিলের খবর দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
তবে ফেসবুকে সাম্প্রতিক দাবিতে ছড়িয়ে পড়া বিশাল মিছিল বা গণজমায়েতের সঙ্গে এসব মিছিলের কোনো মিল দেখা যাচ্ছে না।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
Claim: শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়ায় লাখ লাখ জনতা মিছিল করেছে - এমন দাবিযুক্ত যমুনা টিভির নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh