পাকিস্তানের সহায়তায় বাংলাদেশে পারমানবিক বোমা তৈরি করছে- এমন শিরোনামযুক্ত ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’ এর একটি খবরের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, রিপাবলিক বাংলা এমন কোনো সংবাদ প্রচার করেনি। এছাড়া, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে প্রচারিত অন্যান্য খবরের সাথেও এই খবরের আঙ্গিকের অমিল রয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি বিকৃত।
এই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, স্ক্রিনশট নেওয়ার এক মিনিট পূর্বে রিপাবলিক বাংলার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি অথবা ভিডিও প্রকাশ করা হয়েছে, যার উপরের অংশ কেবলমাত্র দেখা যাচ্ছে। এই ছবিতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর সাইনবোর্ড দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে কোনো বিরামচিহ্ন ছাড়া লেখা হয়েছে , ‘পাকিস্তানের সহায়তা বাংলাদেশ গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে’
এছাড়া, রিপাবলিক বাংলার অন্যান্য পোস্টের মতই এই পোস্টেও বেশ কিছু হ্যাশট্যাগ এবং লাইভ স্ট্রিমিং লিঙ্ক শেয়ার করা হয়েছে।
অনুসন্ধান
রিপাবলিক বাংলার ফেসবুক পেজে ফটোকার্ড বা সরাসরি খবরের বদলে প্রধানত ছোট ছোট কয়েক মিনিটের ভিডিও প্রাসঙ্গিক ক্যাপশন সহ আপলোড করা হয়। ছড়িয়ে পড়া স্ক্রিনশট থেকে দেখা যাচ্ছে, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে ‘পাকিস্তানের সহায়তা বাংলাদেশ গোপনে পারমাণবিক বোমা তৈরি করছে’ এমন শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়েছিল। কিন্তু রিপাবলিক বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসন্ধান করে এমন শিরোনামযুক্ত কোনো খবর দেখা যাচ্ছেনা। রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলেও এমন কোনো খবর নেই।
রিপাবলিক বাংলার ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য ভিডিওর সাথে এই স্ক্রিনশট এর বেশ কিছু অমিল লক্ষ্য করা যাচ্ছে। যেমন-
১। লাইভ স্ট্রিমিং লিঙ্ক এবং প্রাসঙ্গিক হ্যাশট্যাগ এর মাঝে কয়েকটি ডট দেওয়া হয় । তবে আলোচ্য স্ক্রিনশটে এমন কোনো ডট নেই।
২। সাধারনত একটি ৩/৪ মিনিটের ভিডিওর সাথে ২ বা ৩ বাক্যের একটি ক্যাপশন দেওয়া হয় এবং বাক্যগুলোর শেষে পূর্ণচ্ছেদ চিহ্ন (দাড়ি) দেওয়া হয়। তবে আলোচ্য স্ক্রিনশটে আলোচ্য বিষয়ের উপরে কেবলমাত্র একটি বাক্য রয়েছে এবং সেই বাক্যের শেষেও কোনো দাড়ি নেই।
৩। ভিডিওর ভিতরেও, উপরে শিরোনাম বা খবরের প্রধান অংশ যোগ করা হয়। তবে আলোচ্য স্ক্রিনশটে এমন কোনো শিরোনাম দেখা যাচ্ছেনা।
৪। প্রতিটা খবরের সাথে ওই বিষয়ের সাথে প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। তবে আলোচ্য স্ক্রিনশটে কেবলমাত্র সাধারন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।
যেহেতু এমন কোনো খবর উক্ত চ্যানেলের ফেসবুক পেজে দেখা যাচ্ছেনা, এবং ছড়িয়ে পড়া স্ক্রিনশটের সাথে রিপাবলিক বাংলার অন্যান্য খবরের মিল পাওয়া যাচ্ছেনা, তাই ফ্যাক্টওয়াচ এই খবরকে অসত্য এবং স্ক্রিনশটকে ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে।
Claim: পাকিস্তানের সহায়তায় বাংলাদেশে পারমানবিক বোমা তৈরি করছে- এমন শিরোনামযুক্ত ভারতীয় সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’ এর একটি খবরের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, রিপাবলিক বাংলা এমন কোনো সংবাদ প্রচার করেনি। এছাড়া, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে প্রচারিত অন্যান্য খবরের সাথেও এই খবরের আঙ্গিকের অমিল রয়েছে, যা থেকে বোঝা যাচ্ছে যে এই স্ক্রিনশটটি বিকৃত।
Claimed By: Facebook User
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh