সম্প্রতি ফেসবুকে অস্ত্রসহ সংঘর্ষের একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশে বাংলাদেশী পর্যটকদের ওপর হামলা চালানো হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি উত্তর প্রদেশের নয় এবং এর সাথে কোনো বাংলাদেশী পর্যটকের সম্পর্ক নেই। এটি ভারতের হরিয়ানা (Haryana) রাজ্যের ফরিদাবাদে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়ার ভিডিও।
এই ভিডিওটির উৎস জানার জন্য বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ভারতীয় সংবাদমাধ্যম ‘লাইভ হিন্দুস্তান’ (Live Hindustan)-এর একটি রিপোর্ট পাওয়া যায়। ২০২৫ সালের ৫ এপ্রিল প্রকাশিত এই রিপোর্ট থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিল ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের ‘ভারত কলোনি’ (Bharat Colony) এলাকায়। রিপোর্টে থাকা ছবির সাথে রিভার্স ইমেজ সার্চ করার সময় ব্যবহৃত একটি কি-ফ্রেম মিলে যায়। উক্ত রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ৪ এপ্রিল রাতে নিশিকান্ত চৌহান নামের এক ব্যক্তি এবং তার শ্যালক রঘুরাজ কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তারা দেখেন যে, তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু প্রতিবেশী উচ্চস্বরে গালিগালাজ ও চিৎকার-চেঁচামেচি করছে। নিশিকান্ত তাদের বাড়ির সামনে এমন বিশৃঙ্খলা করতে নিষেধ করায় প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই হামলায় নিশিকান্ত, তার স্ত্রী সবিতা, দুই ছেলে এবং শ্যালক রঘুরাজসহ একই পরিবারের মোট ৫ জন সদস্য আহত হন। এই ঘটনায় স্থানীয় খেরিপুল থানায় দেবা, শুভম, শিবম ও গোপালসহ প্রধান অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। তাছাড়া ভুক্তভোগী পরিবার অভিযোগ করে যে, হামলাকারীরা এলাকায় মাদক চোরাচালানের সাথেও জড়িত।
এরপরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘পাঞ্জাব কেসরি হরিয়ানা’ (Punjab Kesari Haryana)-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও রিপোর্ট পাওয়া যায়। এই ভিডিওতে বর্তমানে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের বেশ কিছু কি-ফ্রেমের হুবহু মিল পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনেও উল্লেখ করা হয় যে, এটি হরিয়ানার ফরিদাবাদের ঘটনা।
‘দৈনিক ভাস্কর’ (Dainik Bhaskar)-এর ওয়েবসাইটেও এই একই ঘটনার ভিডিও যুক্ত রিপোর্ট প্রকাশিত হয়।
তাছাড়া নির্ভরযোগ্য কোনো মাধ্যমেও উত্তর প্রদেশে বাংলাদেশী পর্যটকদের ওপর এমন কোনো হামলার সত্যতা মেলেনি।
তাই এমন দাবিতে শেয়ার করা পোস্টগুলো ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশে বাংলাদেশী পর্যটকদের ওপর হামলা চালানো হয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh