আজারবাইজানের সেনাবাহিনী দেশের প্রেসিডেন্টের একটি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে প্রেসিডেন্টের বিভিন্ন বিশালাকৃতির ছবি ভাংচুর করছে- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই ভিডিওটি আসল নয়, বরং ভিন্ন আরেকটি ভিডিও এডিট করে এই ভিডিও তৈরি করা হয়েছে। আজারবাইজানের রাষ্ট্রপতির হিজাব নিষিদ্ধ নিয়ে একটি সিদ্ধান্তে দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের মধ্যে বিক্ষোভ হচ্ছে ঠিকই, কিন্তু আজারবাইজানের সেনাবাহিনী এ বিষয়য়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
এসব পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, “ স্কুলে হিজাব নিষিদ্ধ করার মতো এক বোকামিপূর্ণ সিদ্ধান্তের কারণে আজারবাইজানি সেনাবাহিনী রাস্তাঘাট থেকে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি সরিয়ে ফেলতে শুরু করেছে! যে দেশের ৯৬ শতাংশ মানুষই মুসলিম, সেখানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো—এর উদ্দেশ্য কী?’’
এই কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান চালিয়ে জানা যাচ্ছে, ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আজারবাইজান সরকার একটি আইন (Resolution No. 309) জারি করে, যেখানে স্কুল ইউনিফর্মের নিয়ম কড়াকড়ি করা হয়। এতে এমন পোশাক নিষিদ্ধ করা হয় যা “ধর্মনিরপেক্ষ শিক্ষার নীতির” পরিপন্থী, অর্থাৎ ইউনিফর্মের বাইরে বাড়তি বোরকা,হিজাব বা ধর্মীয় পরিচয়জ্ঞাপক পোশাক পরিধানে নিষেধাজ্ঞা দেওয়া হয় । এরপর ৬ অক্টোবর শিক্ষকদের পোশাকের ক্ষেত্রেও একই ধরনের নিয়ম চালু করা হয়।
গত ১২ অক্টোবর আজারবাইজানের শিক্ষা মন্ত্রণালয় নতুন ইউনিফর্ম নিয়ম কার্যকর করতে শুরু করে এবং হিজাব পরিহিত ছাত্রীদের স্কুল থেকে ফিরিয়ে দেয়।
এর প্রতিবাদে দেশজুড়ে বিরল বিক্ষোভ শুরু হয় । সরকারি হিসেবে ৩৭ জন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মত বেসরকারী অধিকারকর্মীদের হিসাবে কমপক্ষে ২০০ জনকে আটক করা হয়েছে।
তবে এই বিক্ষোভের পর সেনাবাহিনীর প্রতিক্রিয়া সম্পর্কে কিছু জানা যাচ্ছেনা। আজারবাইজানের সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে চলমান বিক্ষোভ সম্পর্কে কোনো আলাপ দেখা যাচ্ছে না। কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকেও আজারবাইজানের সেনাবাহিনীর বিক্ষোভ বা অভ্যুত্থানের কোনো খবর দেখা যাচ্ছে না।
আলোচ্য ১২ সেকেন্ডের ভিডিওটা পর্যবেক্ষণ করলে একটি বড় অসঙ্গতি দেখা যাচ্ছে। প্রথমে ২ জন সৈনিককে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবিযুক্ত একটি বিলবোর্ডে ধাক্কা দিতে দেখা যায়। একটু পরে ডানদিকের সৈনিক অদৃশ্য হয়ে যায় এবং তার পোশাক মাটিতে ধ্বসে পড়তে দেখা যায়।
এই ভিডিওর কয়েকটি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে অনুরূপ একটি ভিডিও পাওয়া যাচ্ছে যার সাথে দুজন সৈনিকের অবস্থান,কার্যক্রম এবং বিলবোর্ডে ধাক্কা দেওয়া মিলে যাচ্ছে। Radio Nasaem নামক পেজে এ বছরের ১৫মে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। মূল ভিডিওতে আবার 29-11-2024 লেখা ছিল অর্থাৎ এটা ২০২৪ এর ২৯ নভেম্বরের ঘটনা। পোস্ট এবং কমেন্ট থেকে বোঝা যাচ্ছে, সিরিয়ার সাবেক রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতনের সময় আলেপ্পো শহরে প্রথমবারের মতো বিদ্রোহী মিলিশিয়া বাহিনী প্রবেশের সময়কার ঘটনা ছিল এটি। এই ভিডিওতে বিলবোর্ডে বাশার আল আসাদের ছবি এবং নাম দেখা যাচ্ছে।
আর সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দুজন সৈনিক,রাস্তা এবং অন্য সব উপাদান ঠিক থাকলেও বিলবোর্ডে বাশার আল আসাদের ছবির স্থলে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি দেখা যাচ্ছে।
আলোচ্য ভিডিও এবং ভিডিও থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী কয়েকটি টুলের সাহায্যে বিশ্লেষণ করে মিশ্র ফলাফল পাওয়া যাচ্ছে। স্থিরচিত্রের নির্দিষ্ট অংশ দেখে অধিকাংশ এআই টুল একে সত্য হিসেবে মত দিচ্ছে, আবার অন্য অংশ (যেমন সৈনিক অদৃশ্য হয়ে যাওয়ার স্ক্রিনশট ) দেখে তারা একে এআই হিসেবে মত দিচ্ছে। এখানে আমাদের ব্যবহৃত টুলগুলোর মধ্যে ছিল নোট জিপিটি, সাইট ইঞ্জিন, ডি কপি, ডিপ এআই ইত্যাদি। আবার কোনো টুলের বিশ্লেষণে এখানে এআই ব্যবহারের পরিমাণ খুব কম। সম্পূর্ণ ভিডিও বিশ্লেষণের ক্ষেত্রে, হাইভ মডারেশন এর বিশ্লেষণে এটা এআই হওয়ার সম্ভাবণা মাত্র ২.২%। অন্যদিকে ডিটেক্ট ভিডিও এর বিশ্লেষণে, এটা এআই নির্মিত হওয়ার সম্ভাবণা ৯৭%।
এছাড়া, ডিপফেকওমিটারের বিশ্লেষণে একে এআই হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এখানকার ১০ টি ডিটেক্টরে গড়ে ৭৪.০৭% এআই হওয়ার সম্ভাবণা দেখিয়েছে।
ভিডিওতে একজন সৈনিককে যেভাবে হঠাৎ অদৃশ্য হতে দেখা যাচ্ছে, সেখান থেকে নিশ্চিতভাবে বলা যায় যে এই ভিডিওটি বাশার আল আসাদের পুরোনো ভিডিও থেকে এআই কিংবা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালি সম্পাদনা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম -মিসবার এর বিশ্লেষণেও একই ফলাফল উঠে এসেছে। তারাও জানাচ্ছে, এই ভিডিওটি ডিজিটালি সম্পাদিত।
সার্বিক বিবেচনায়, ফ্যাক্টওয়াচ আলোচ্য ভিডিওসহ পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: আজারবাইজানের সেনাবাহিনী দেশের প্রেসিডেন্টের একটি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে প্রেসিডেন্টের বিভিন্ন বিশালাকৃতির ছবি ভাংচুর করছে- এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই ভিডিওটি আসল নয়, বরং ভিন্ন আরেকটি ভিডিও এডিট করে এই ভিডিও তৈরি করা হয়েছে। আজারবাইজানের রাষ্ট্রপতির হিজাব নিষিদ্ধ নিয়ে একটি সিদ্ধান্তে দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের মধ্যে বিক্ষোভ হচ্ছে ঠিকই, কিন্তু আজারবাইজানের সেনাবাহিনী এ বিষয়য়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh