গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির গায়ে ময়দা ফেলা হচ্ছে, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে বলা হচ্ছে, নিউইয়র্কে বিমানবন্দর থেকে গাড়িতে ওঠার সময় বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ময়দা দিয়ে শুভেচ্ছা জানালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটিতে ময়দা ফেলা হয়েছে ফ্রান্সের রাজনীতিবিদ রাফায়েল গ্লুকসম্যান (Raphaël Glucksmann)-এর গায়ে।
পোস্টগুলো পর্যালোচনা করে ফেসবুকে ছড়ানো ভিডিওগুলোর উপরের দিকে ডান কর্নারে ‘M6INFO’ লোগো দেখা যায়। অনুসন্ধানে দেখা যায়, এটি ফ্রান্সের জনপ্রিয় প্রধান বেসরকারি টেলিভিশন নেটওয়ার্কগ্রুপ এম৬ (Groupe M6)-এর সংবাদ বিভাগ ‘এম৬ ইনফো(M6 Info)’-এর লোগো। এটি মূলত ফরাসি টেলিভিশন চ্যানেল M6-এর নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্ট বা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্মের লোগো, যা সাধারণত তাদের সংবাদ সম্প্রচার বা প্রতিবেদনের ভিডিওতে ব্যবহার করা হয়।
অনুসন্ধানের শুরুতে আলোচ্য পোস্টগুলোর ভিডিও অত্যন্ত ঝাপসা হওয়ায় রিভার্স ইমেজ সার্চে কোনো ফলাফল পাওয়া যাচ্ছিল না। আরও অনুসন্ধানে একটি পোস্ট পাওয়া যায়, যেখানে ভিডিওটি তুলনামূলক স্পষ্ট। এই পোস্টের ভিডিও থেকে কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ফেসবুকে ‘এম৬এনফো’ টিভির ফেসবুক পেজে একটি পোস্ট পাওয়া যায়। ১২ অক্টবরের এই পোস্টে ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “রবিবার (১১ অক্টোবর) সোশ্যাল-ডেমোক্রেটিক প্রাইমারির প্রথম রাউন্ডে জয়ের পর, প্যারিসের ২০তম অ্যারোন্ডিসমেন্টের একটি বার থেকে বের হওয়ার সময় রাফায়েল গ্লুকসম্যান ময়লা বা ময়দা নিক্ষেপের শিকার হন।” এই ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওর মিল রয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইউরো নিউজে ১২ অক্টোবরের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, ফরাসি রাজনীতিবিদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান গত রবিবার, ১১ অক্টোবর (২০২৬) সন্ধ্যায় ময়দার শিকার হন। প্যারিসের ২০তম অ্যারোন্ডিসমেন্টের ‘লা ক্যানটিন দে বেলভিল’ বারের বাইরে তিনি যখন একটি ট্যাক্সিতে উঠছিলেন, তখন এই ঘটনা ঘটে, যেখানে তিনি তার প্রাইমারি নির্বাচনের বিজয় উদযাপন করছিলেন। সংগৃহীত ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পেছন থেকে এসে গ্লুকসম্যানের মাথার ওপর এক প্যাকেট ময়দা ঢেলে দেয়। সামাজিক-ডেমোক্রেটিক বামপন্থীদের প্রাইমারিতে ৬৬ শতাংশের বেশি ভোট পেয়ে ২০২৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে বাম শিবিরের প্রার্থী হতে যাচ্ছেন তিনি। বিজয়ী হওয়ার ঠিক পরপরই তার সঙ্গে ঘটনাটি ঘটে। এই প্রতিবেদনের ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হওয়ার পরই এই ভিডিও ছড়িয়ে পড়ে।
কাজেই ভিডিওটি নিউইয়র্কে নয় প্যারিসের। হেনস্তার শিকার ব্যক্তি মুহাম্মদ ইউনূস নন, ফ্রান্সের রাজনীতিবিদ রাফায়েল গ্লুকসম্যান। ফলে সঙ্গত কারণে, এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির গায়ে ময়দা ফেলা হচ্ছে, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে বলা হচ্ছে, নিউইয়র্কে বিমানবন্দর থেকে গাড়িতে ওঠার সময় বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ময়দা দিয়ে শুভেচ্ছা জানালো আওয়ামী লীগের নেতাকর্মীরা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh