শ্রমিকদের ওপর হামলার দাবিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পুরোনো ছবি প্রচার

18
শ্রমিকদের ওপর হামলার দাবিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পুরোনো ছবি প্রচার
শ্রমিকদের ওপর হামলার দাবিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পুরোনো ছবি প্রচার

সম্প্রতি ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে বিএনপির এক নেতা অস্ত্র হাতে হামলা চালিয়েছেন। ছবিতে একজন ব্যক্তিকে হাতে অস্ত্র নিয়ে হাঁটতে দেখা যায়। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি গাজীপুরের কোনো শ্রমিক আন্দোলনের নয়। এটি ২০২৬ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ধারণ করা হয়েছিল।

এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, ও এখানে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ছবিটির উৎস অনুসন্ধান করতে গিয়ে একই ছবি নিয়ে প্রকাশিত আজকের পত্রিকা ও প্রথম আলোর প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন দুটিতে ছবিটিকে সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা এক ব্যক্তির ছবি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে ২০২৬ সালের ২ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে অস্ত্র হাতে থাকা দুই যুবকের ছবি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ১ সেপ্টেম্বর দুপুরে সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা দুই যুবককে শনাক্ত করে পুলিশ। তাদের একজন মো. সাদেক এবং অন্যজন সিরাজুল ইসলাম।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। 

এছাড়া একই ঘটনা নিয়ে একুশে টেলিভিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ অনুযায়ী, গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে হামলার দৃশ্য দাবি করে প্রচারিত ছবিটি প্রকৃতপক্ষে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ধারণ করা হয়েছিল। একই ছবি আজকের পত্রিকা ও প্রথম আলোর প্রতিবেদনে সীতাকুণ্ডের সংঘর্ষের ঘটনার সঙ্গে প্রকাশিত হয়েছে। 

তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল দাবিটিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে বিএনপির এক নেতা অস্ত্র হাতে হামলা চালিয়েছেন। ছবিতে একজন ব্যক্তিকে হাতে অস্ত্র নিয়ে হাঁটতে দেখা যায়।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh