চুরি যাওয়া ল্যাপটপ-ক্যামেরা ফেরত পাননি জার্মান পর্যটক, ছড়াচ্ছে এআই ছবি  

38
চুরি যাওয়া ল্যাপটপ-ক্যামেরা ফেরত পাননি জার্মান পর্যটক, ছড়াচ্ছে এআই ছবি  
চুরি যাওয়া ল্যাপটপ-ক্যামেরা ফেরত পাননি জার্মান পর্যটক, ছড়াচ্ছে এআই ছবি  

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা খোয়ান জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। দাবি করা হচ্ছে, তার এসব জিনিস ফেরত পেয়েছে। এই দাবির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে একটি ছবিও। যাতে ক্রিলের হাতে একজন পুলিশ সদস্যকে ল্যাপটপ, ক্যামেরা বুঝিয়ে দিতে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, দাবিটি সঠিক নয়। এ ছাড়া প্রচারিত ছবিটিও এআই জেনারেটেড। গতকাল শনিবার রাত পর্যন্ত প্রকাশিত সংবাদ অনুযায়ী, ক্রিলের চুরি হওয়া জিনিসগুলো উদ্ধার করা যায়নি। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রথম আলোতে গতকাল শনিবার (১০ অক্টোবর) রাতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, ক্রিলের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

প্রতিবেদনটিতে রাজধানীর হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ক্রিল পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন। সেটি চুরি হয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক। ল্যাপটপ ও ক্যামেরা হারানোর ঘটনাটি আমাদের জন্য লজ্জার। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে। একজন নিজের উদ্যোগে তাঁকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে কিছুটা হলেও দেশের সম্মান ফিরবে।’ 

এ ছাড়া দেশের কোনো সংবাদমাধ্যমে এই জার্মান নাগরিকের ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের ব্যাপারে কোনো নতুন তথ্য পাওয়া যায়নি। 

বিষয়টি নিয়ে আরও জানতে  ফ্যাক্টওয়াচ থেকে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ফ্যাক্টওয়াচকে বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এসব দাবি গুজব। এগুলো এখনো পাওয়া যায়নি। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু টিম ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত, গত বুধবার (৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় ভেস্ট পরা এক যুবক তার সঙ্গে ছিলেন। পরে ক্রিল ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে ব্যাগ রেখে টাকা তুলতে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে দেখতে পাননি।

ভাইরাল ছবিটি এআই জেনারেটেড  

ফেসবুকে আলোচিত দাবিটির সঙ্গে একটি ছবিও ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের পর্যবেক্ষণে দেখা যায়, এটি এআই জেনারেটেড। ছবিটিতে বেশ কিছু অসঙ্গতি নজরে পড়ে। যেমন, পুলিশ সদস্যটির হাতে দৃশ্যমান ‘Police’ লেখাটি অসম্পূর্ণ। পোশাকে থাকা ব্যাজটির লেখাও এলোমেলো। এই ধরনের অসঙ্গতি এআই জেনারেটেড ছবিতে দেখা যায়। 

এআই জেনারেটেড ছবি শনাক্তকারী টুলের বিশ্লেষণেও ছবিটি এআই জেনারেটেড বলে প্রতীয়মান হয়।

সার্বিক বিশ্লেষণে ফ্যাক্টওয়াচ আলোচিত দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ল্যাপটপ ও ক্যামেরা ফেরত পেলেন জার্মান পর্যটক

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh