তারেক পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

108
তারেক পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা
তারেক পরিবারের আদলে এআই ভিডিও দিয়ে ধোঁকা

'গরিবের-সহায়তা কেন্দ্র' নামের একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী এবং কন্যার চেহারা-সদৃশ ভিডিও ব্যবহার করে বেশ কিছু স্ক্যাম সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোর ক্যাপশনে, পেজ ফলো করলে ৫ হাজার থেকে ৯০ হাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। এসব বিশ্বাস করে কমেন্টবক্সে অনেকে নিজেদের বিকাশ নম্বর দিচ্ছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওগুলো এআই দিয়ে বানানো। দেড় লাখের বেশি ফলোয়ারের এই পেজটি পর্যালোচনা করে এটিকে মানুষ বোকা বানানোর প্রচেষ্টা বলে ধারণা পাওয়া যায়।

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

নমুনা-১ 

এই পোস্টটিতে দেখা যাচ্ছে, দুইজন নারী এবং একজন পুরুষ হাতে অনেক টাকা নিয়ে বলছে, রমজান মাস উপলক্ষে আমরা সবাইকে টাকা দেবো, যার লাগবে তারা শুধুমাত্র ফলো আর শেয়ার করে ছড়িয়ে দিন। ভিডিওতে দৃশ্যমান তিন ব্যক্তির চেহারায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের আদল পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা-  “রমজান উপলক্ষে ৫ হাজার করে টাকা পেতে হলে দ্রুত পেজ ফলো আর শেয়ার করে কমেন্ট করুন।” এই রিপোর্ট লেখা পোস্টটি ৪৪৮ বার শেয়ার হয়েছে। কমেন্টবক্সে অনেকে তাদের বিকাশ নাম্বার দিয়ে সাহায্য চেয়েছেন।  

ভিডিওটির অডিও অংশটিতে যে ধরনের অসঙ্গতি রয়েছে তা এআই ভিডিওর ক্ষেত্রে দেখা যায়। কথা বলার ভঙ্গিও বাস্তব মনে হয় না। এছাড়া এআই শনাক্তকারী টুল ডিপফেক ও মিটার (DeepFake-O-Meter)’র সাহায্যে ৯৯% এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা পাওয়া যায়।      

নমুনা- ২ 

আগের পোস্টের পাঁচ হাজার টাকা বেড়ে এই পোস্টটিতে এসে হয়েছে ৯০ হাজার। পোস্টের শেয়ারও বেড়ে হয়ে গেছে ৫ হাজারের বেশি। এই ভিডিওটিও তারেক পরিবারের আদলে বানানো হয়েছে। এমনকি একই পোশাক পরা স্ত্রী-কন্যাসহ তারেক রহমানের ছবি পাওয়া যায়।

এই ভিডিওর অডিও অংশ, কথাবলার ভঙ্গি, হাতের নড়াচড়া সবই এআই ভিডিওর ধরনের সঙ্গে মেলে। তাছাড়া, ডিপফেক ও মিটার ব্যবহার করে এটিকে ১০০% কৃত্রিম হিসেবে পাওয়া যায়।      

নমুনা-৩ 

এই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের আদলের একজনকে কথা বলতে শোনা যায়। অডিওতে শোনা যাচ্ছে, “আজ আপনি পেতে পারেন ৮০ হাজার টাকা, এর জন্য আপনাকে শুধুমাত্র পেজটা ফলো আর ভিডিওটা শেয়ার করতে হবে।” ক্যাপশনে লেখা- “আমার নতুন পেজ ফলো করুন পুরস্কার আছে। আমার নতুন পেজটি ফলো করে দিন।” অর্থাৎ পেজটি ফলো করাই এখানে কি-ওয়ার্ড। এই ভিডিওর ধরনও এআই ভিডিওর সঙ্গে মেলে। 

তাছাড়া, এআই শনাক্তকারী টুলে দিয়ে এটিকেও ৯৯.৯% কৃত্রিম হিসেবে পাওয়া যায়।

এই ভিডিওটি আগে অন্য আঙ্গিকেও ছড়িয়েছিল। এ নিয়ে ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেক প্রতিবেদন দেখুন, এখানে

নমুনা-৪ 

এই পোস্টে দেখা যায়, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আদলের একজন কথা বলছেন। অডিওতে শোনা যায়, “আমি তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, আমার মেয়ে জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সবাইকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। টাকা পেতে লাইক ফলো দিতে হবে। কমেন্টবক্সে বিকাশ নম্বর দিয়ে যাবেন। যে সবচেয়ে বেশি কমেন্ট এবং শেয়ার করবে তাকে বেশি টাকা দেওয়া হবে।” অডিও অংশের অসঙ্গতিতে এটি এআই ভিডিও প্রতীয়মান হয়। এটির ক্যাপশনেও শুধু পেজটি ফলো করার কথা বলা হয়েছে।

ডিপফেক ও মিটারে এটিকে ৭৪% কৃত্রিম দেখায়।   

নমুনা- ৫ 

লাল শাড়ি পরা জাইমা রহমান আদলের একজনকে বলতে শোনা যায়, আমি জাইমা রহমান ১২ তারিখ নির্বাচন উপলক্ষে ১০ হাজার টাকা লটারি ড্র করব, যার লাগবে সে ফলো, শেয়ার করুন। ক্যাপশনে লেখা- আমার নতুন পেজ ফলো করুন পুরস্কার আছে। এই ভিডিওটির অডিও এবং ঝকঝকে ভিডিও এআই দিয়ে বানানো বলে প্রথম নজরেই প্রতীয়মান হয়।    

এছাড়া এই ভিডিওটিও ডিপফেক ও মিটারে ৯৭% কৃত্রিম ফলাফল পাওয়া যায়।

ওপরের বর্ণিত পাঁচটি ভিডিওই এআই ভিডিও এবং তারেক পরিবারের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। ফলে সঙ্গত কারণে এই ভিডিওযুক্ত পোস্টগুলোকে বিকৃত হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।   

Claim:
'গরিবের-সহায়তা কেন্দ্র' নামের একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী এবং কন্যার চেহারা-সদৃশ ভিডিও ব্যবহার করে বেশ কিছু স্ক্যাম সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোর ক্যাপশনে, পেজ ফলো করলে ৫ হাজার থেকে ৯০ হাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। এসব বিশ্বাস করে কমেন্টবক্সে অনেকে নিজেদের বিকাশ নম্বর দিচ্ছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh