৫ এপ্রিল থেকে সরকারি অফিস সপ্তাহে ৩ দিন দাবিতে ছড়াচ্ছে ভুয়া বিজ্ঞপ্তি 

27
৫ এপ্রিল থেকে সরকারি অফিস সপ্তাহে ৩ দিন দাবিতে ছড়াচ্ছে ভুয়া বিজ্ঞপ্তি 
৫ এপ্রিল থেকে সরকারি অফিস সপ্তাহে ৩ দিন দাবিতে ছড়াচ্ছে ভুয়া বিজ্ঞপ্তি 

দেশে চলমান জ্বালানি পরিস্থিতিতে সরকারি অফিস আগামী ৫ এপ্রিল থেকে সপ্তাহে ৩ দিন সশরীরে পরিচালিত হবে দাবিতে ফেসবুকে একটি সরকারি আদেশের ছবি প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এই অফিস আদেশটি ভুয়া। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের বিজ্ঞপ্তি/আদেশ/পরিপত্র অংশ খুঁজে সপ্তাহে ৩ দিন সশরীরে অফিস পরিচালিত হওয়ার ব্যাপারে কোনো আদেশ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের কোনো সংবাদমাধ্যমেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

পরবর্তীতে ফেসবুকে প্রচারিত আদেশটি যাচাই করে এতে কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন, অফিস আদেশটিতে আসাদুজ্জামান নামে একজন উপসচিবের স্বাক্ষর রয়েছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তালিকায় এই নামে কোনো উপসচিব পাওয়া যায়নি। আদেশটির উপরে তারিখ ১ এপ্রিল উল্লেখ করা হলেও স্বাক্ষরের নিচের তারিখটি দেওয়া এমন- ০/১০/১৬। আবার বিজ্ঞপ্তিতে থাকা বাংলা লেখাগুলোর কিছু লেখা ভাঙা। যা ইঙ্গিত করে এই আদেশটি এআই দিয়ে তৈরি হতে পারে। 

পরে বেশ কিছু এআই টুল দিয়ে যাচাই করে দেখা যায়, এই আদেশটি এআই জেনারেটেড। 

পরবর্তীতে আরও খোঁজে এখন টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহে মাত্র তিনদিন সরকারি অফিস চালুর যে আদেশ গতকাল (বুধবার, ১ এপ্রল) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

সংবাদমাধ্যমটি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারকপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি।


একই প্রসঙ্গে অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদন পড়ুন এখানে, এখানে

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন ফ্যাক্টওয়াচকে এই বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফেসবুক পেজের বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

ফলে ফ্যাক্টওয়াচ সরকারি অফিস আগামী ৫ এপ্রিল থেকে সপ্তাহে ৩ দিন সশরীরে পরিচালিত হওয়ার দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
আগামী ৫ এপ্রিল থেকে সপ্তাহে ৩ দিন সশরীরে পরিচালিত হবে

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh