দুজন ব্যক্তি একজন মেয়েকে জোর করে গাড়িতে তুলছে, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ক্যাপশনে বলা হচ্ছে, কক্সবাজারে দিনে দুপুরে এক মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় কক্সবাজার উপজেলা যুবদলের সংগঠক আতাউর রহমান সফিক। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ঘটনাটি বাংলাদেশের কক্সবাজারের নয়, ভারতের গুজরাটের।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে গুজরাট সমাচার (Gujarat Samachar)’র একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম- “গুজরাটের আরাবল্লীতে দিন দুপুরে এক নারীকে অপহরণের অভিযোগ, তদন্ত শুরু।” ২০২৬ সালের ২৫ জুনে প্রকাশিত এই প্রতিবেদনের যুক্ত ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওর মিল রয়েছে।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ‘ইটিভি ভারত’র একটি প্রতিবেদন পাওয়া যায়।
এই প্রতিবেদন থেকে জানা যায়, গুজরাটের আরাবল্লী জেলার ধানুসুরা তালুকার বাদগামে এক তরুণীকে অপহরণের ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে যে, মৈত্রী চুক্তির (ফ্রেন্ডশিপ এগ্রিমেন্ট) অধীনে বসবাসকারী ওই তরুণীকে একটি কালো রঙের গাড়িতে করে অপহরণ করা হয়। পুরো ঘটনাটি কাছাকাছি থাকা একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও জানা গেছে। প্রাথমিক বিবরণ অনুযায়ী, তরুণীর স্বামী ধানুসুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তরুণীর বাবা-সহ তিনজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে পুলিশ সব দিক বিবেচনায় রেখে তদন্ত শুরু করেছে।
গত ২৪ জুন প্রকাশিত এই প্রতিবেদনের সঙ্গে আলোচিত ভিডিওটি সংযুক্ত রয়েছে।
কাজেই ভিডিওটি কক্সবাজারের নয়, গুজরাটের। ফলে সঙ্গত কারণে, এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করা হল।
Claim: কক্সবাজারে দিনে দুপুরে এক মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় কক্সবাজার উপজেলা যুবদলের সংগঠক আতাউর রহমান সফিক।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh