স্বরাষ্ট্র উপদেষ্টার এআই ভিডিও দিয়ে গুলশানে চাঁদাবাজি নিয়ে ভিত্তিহীন বক্তব্য প্রচার  

290
স্বরাষ্ট্র উপদেষ্টার এআই ভিডিও দিয়ে গুলশানে চাঁদাবাজি নিয়ে ভিত্তিহীন বক্তব্য প্রচার  
স্বরাষ্ট্র উপদেষ্টার এআই ভিডিও দিয়ে গুলশানে চাঁদাবাজি নিয়ে ভিত্তিহীন বক্তব্য প্রচার  

সম্প্রতি ফেসবুকে একটি ছোট ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে, গুলশানে চাঁদাবাজির দায়ে গ্রেফতার সমন্বয়কদের ‘বকে’ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, ভিডিওটি এআই নির্মিত এবং অডিওর কথাগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বলে জানা যায় না।

এ ধরণের কয়েকটি পোস্ট দেখতে পাবেন, এখানে, এখানে, এখানে, এখানে। 

৮ সেকেন্ডের ভিডিওটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, “গুলশানে যে ধরা পড়েছে সে আমাদের এনসিপির নেতা। আমি বকে দিয়েছি, বলেছে আর করবে না। চাঁদাবাজ হোক আর যাই হোক, ওরা তো আমাদেরই সন্তান।” 

এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করা হচ্ছে বিভিন্ন ক্যাপশনে। 

এই আইডি থেকে ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে- “গুলশানে চাঁদাবাজির দায়ে গ্রেফতার সমন্বয়কদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বকা দিয়ে দিছে”। 

এই আইডিতে ক্যাপশনে আছে- “স্বরাষ্ট্র উপদেষ্টা বকে দিয়েছে, আর করবে না, তার ভুল হইছে, বলছে আর হবে না, আর চাঁদাবাজি করবে না। চাঁদাবাজ হোক আর যাই হোক ওরাতো আমাদেরই সন্তান।” 

এই আইডিতে ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে- “চাঁদাবাজি তো আমরাই করতে বলছিলাম। কিন্তু এখন সমন্বয়করা ধরা খাইছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা বকে দিয়েছে বলে দিছে আর করবে না ভুল হইছে, আর হবে না।” 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান 

ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফ্রেমের ডান দিকে নিচের কর্নারে ভিও (Veo) ছাপ আছে। গুগলের ভিও ওয়েবসাইট দিয়ে এ ধরণের ভিডিও তৈরি করা যায়। এ ধরণের ভিডিওগুলোর দৈর্ঘ্য সাধারণত ৮ সেকেন্ড হতে দেখা যায়। 

উল্লেখ্য, Veo হলো গুগল ডিপ মাইন্ডের উন্নত একটি এআইভিত্তিক টেক্সট‑টু‑ভিডিও জেনারেশন মডেল, যা এখন সর্বশেষ Veo 3 সংস্করণ পর্যন্ত পৌঁছেছে। এই মডেলটি লেখা (prompt) পড়ে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করে। অর্থাৎ এটি গুগলের এআই মডেল ভিও মডেলের সাহায্যে তৈরি।

ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে একটি প্রতিবেদন পাওয়া যায়। ২৬ ডিসেম্বর, ২০২৪ প্রকাশিত এই প্রতিবেদনের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি স্থির ছবি যুক্ত আছে। এই ছবিতে তার পোশাক এবং পরিপার্শ্বের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে। এতে করে মনে হয়, এই ছবির ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে। 

ভিডিওটিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে যে কথাগুলো শোনা যায়, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার কোনো সংবাদমাধ্যমে তাকে উদ্ধৃত করে এই বক্তব্য প্রকাশিত হয়নি। এই ভিডিওতে তার কথাবলার ভঙ্গির সাথে তার আসল কথাবলার বেশ অমিল পাওয়া যায়।  

অতি সম্প্রতি অর্থাৎ গুলশানে চাঁদাবাজির ঘটনার কাছাকাছি সময়ে (২৬ জুলাই, ২০২৫) তাকে ভিন্ন একটি বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলতে দেখা যায়। এর সঙ্গে আলোচিত ভিডিওটির পারিপার্শ্বিক অবস্থা এবং উপদেষ্টার পোশাকের মিল নেই। 

সব দিক বিবেচনা করে এটি স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি বাস্তব নয়। ফলে সঙ্গত কারণে, এই ভিডিওটিকে “বিকৃত” হিসেবে চিহ্নিত করা হলো।     

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ছোট ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে, গুলশানে চাঁদাবাজির দায়ে গ্রেফতার সমন্বয়কদের ‘বকে’ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh