স্যাটায়ার থেকে বিভ্রান্তি: হানিয়ার সঙ্গে সাক্ষাত হয়নি হাসান মাসুদের 

174
স্যাটায়ার থেকে বিভ্রান্তি: হানিয়ার সঙ্গে সাক্ষাত হয়নি হাসান মাসুদের 
স্যাটায়ার থেকে বিভ্রান্তি: হানিয়ার সঙ্গে সাক্ষাত হয়নি হাসান মাসুদের 

সম্প্রতি ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে চাননি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। পোস্টগুলোতে বলা হচ্ছে, হানিয়া আমির বাংলাদেশ সফরে শিল্পকলায় বিভিন্ন শিল্পীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হাসান মাসুদের সঙ্গে করমর্দন করতে তিনি আপত্তি জানান। দাবি করা হয়, গায়ের রং কালো হওয়ায় হাসান মাসুদকে হানিয়া আমির তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখেছেন এবং তাকে ‘বডিগার্ড’ বলে মন্তব্য করেছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের সাক্ষাৎ হয়নি। বানোয়াট একটি গল্পকে বাস্তব বলে প্রচার করা হয় ফেসবুকে।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

অনুসন্ধানে Channel Dhaka 2.0 নামের একটি ফেসবুক পেজে হাসান মাসুদের সঙ্গে হানিয়া আমিরের সাক্ষাৎ নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। গত ২০ সেপ্টেম্বর পেজটিতে পোস্টটি করা হয়। এটি এই নিয়ে সম্ভাব্য প্রথম পোস্ট। 

পোস্টে অভিনেতা হাসান মাসুদ এবং পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে কেন্দ্র করে বলা হয়, গায়ের রং কালো হওয়ায় হাসান মাসুদকে হানিয়া আমির প্রথমে তাচ্ছিল্য করেন। কিন্তু হাসান মাসুদ যোগ্যতা ও জবাবে হানিয়ার ভুল শুধরে দেন বলেও উল্লেখ করা হয়।

পোস্টটির এডিট হিস্ট্রি থেকে দেখা যায়, ২১ সেপ্টেম্বর পোস্টের নিচের অংশে ‘#sarcasm’ লিখাটি যুক্ত করা হয়। এ থেকে ধারণা করা যায়, পোস্টটি এক ধরনের স্যাটায়ার। চ্যানেল ঢাকা একটি প্যারোডি নিউজ পোর্টাল, যা শুধুমাত্র মজা ও বিনোদনের উদ্দেশ্যে পোস্ট করে থাকে।

পরবর্তীতে এই স্যাটায়ারকে বাস্তব বলে ফেসবুকে প্রচার করতে থাকে বিভিন্ন পেজ ও প্রোফাইল। জান্নাতুল মাহি নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্টে বলা হয়, “হানিয়া আমির এই দেশের গেস্ট হয়ে এসেছে, এই দেশের রাস্তার ভিখারিও যদি তার সাথে হাত মেলাতে চায় তাহলেও তার মিলানো উচিত।” 

‘ইকরা ইন ব্লুম’ নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ঘটনাটি উল্লেখ করে একটি পোস্টে বলা হয়, এমন হানিয়া আমিরের দরকার নেই। 

স্যাটায়ার থেকে বিভ্রান্তি: হানিয়ার সঙ্গে সাক্ষাত হয়নি হাসান মাসুদের 

‘Redoll by Nusaifa’ নামের এই একাউন্ট থেকে দাবি করা হয়, অনলাইন নিউজ পোর্টালে এই খবরটা ছাপিয়েছে। তিনি আরও বলেন, আফ্রিকার মানুষদের মতো গায়ের রং হলে কি হানিয়া আমির এত জনপ্রিয় হত কিনা।

পরবর্তীতে একাধিক সংবাদমাধ্যম হাসান মাসুদের সঙ্গে যোগাযোগ করে এই দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে। ‘সত্যিই কি হানিয়া আমিরের সঙ্গে হাসান মাসুদের দেখা হয়েছিল’ শিরোনামে প্রথম আলো ২১ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে হাসান মাসুদকে উদ্ধৃত করে জানানো হয়, ‘বিষয়টি ফেক ও বিব্রতকর’। বর্তমান সময়ে বাংলাদেশে সফরকারী পাকিস্তানি অভিনেত্রী ও হাসান মাসুদকে নিয়ে প্রচারিত গুজবের সত্যতা নিয়ে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানেএখানে।

আজকের পত্রিকা এন্টারটেইনমেন্ট নামক সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে হাসান মাসুদ বলেন, তিনি হানিয়া আমির সম্পর্কে অবগত নন। তিনি আরও বলেন, হানিয়া আমিরের সঙ্গে তার সাক্ষাৎের গল্পটি মিথ্যা। বানোয়াট গল্পগুলোকে তিনি ভুয়া বলে আখ্যা দেন।

২১ সেপ্টেম্বর প্রকাশিত একাত্তর টিভির একটি ভিডিও প্রতিবেদনে হাসান মাসুদ আবারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেন।

“Chanel dhaka 2.0” ২১ সেপ্টেম্বর কালবেলার একটি ফটোকার্ড পোস্ট করে জানান, হানিয়া আমির আর হাসান মাসুদের সাক্ষাৎকারটি মিথ্যা এবং তাদের পোস্টটি ‘স্বপ্নে পাওয়া’ গল্প।

অতএব, বিনোদনের জন্য প্রকাশিত পোস্টকে বাস্তব বলে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এই ধরনের পোস্ট গুলোকে ‘মিথ্যা’ হিসাবে চিহ্নিত করছে। 

/সিবলী সাদিক সিফাত

Claim:
সম্প্রতি ফেসবুকে কিছু পোস্টে দাবি করা হচ্ছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে চাননি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh