ফেসবুকে ২০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘হিন্দু চরমপন্থীরা’ ভারতে এক ‘শতায়ু বৃদ্ধ’কে নির্মম নির্যাতন করছে। ভিডিওটিতে দেখা যায়, হুইল চেয়ারে বসা এক বৃদ্ধকে উল্টে ফেলে দিচ্ছেন কয়েকজন তরুণ। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি বাস্তব কোনো ঘটনা নয়। এটি একটি সাজানো ভিডিও।
রিভার্স ইমেজ সার্চে ভাইরাল ভিডিওটি “Muklesur Bhaijaan 2.0” নামের একটি ইউটিউব চ্যানেলে এটি পাওয়া যায়। সেখানে একই ভিডিও ২০২৫ সালের ১৫ ডিসেম্বর আপলোড করা হয়। ভিডিওর বর্ণনায় লেখা ছিল: “ak muslim chacha ko mara chapri na | #shortsvideo bike rider | bike rider vs chapri.” (এক মুসলিম চাচাকে ছাপরি মারল | #shortsvideo বাইক রাইডার | বাইক রাইডার বনাম ছাপরি)।
চ্যানেলটি যাচাই করে দেখা যায়, এখানে নিয়মিতভাবে একই ধরনের মারামারির ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটির বিস্তারিত পরিচয়ে উল্লেখ আছে, এখানে রাইডিং ভ্লগ এবং স্ক্রিপ্টেড বা নিজের বানানো ভিডিও আপলোড করা হয়। এটির লোকেশন উল্লেখ করা ভারত।
ভাইরাল ভিডিওতে যে বৃদ্ধ ব্যক্তিকে হেনস্তা হতে দেখা যাচ্ছে, তাকে একই চ্যানেলের প্রকাশিত আরও বেশ কয়েকটি অনুরূপ ভিডিওতে (এখানে, এখানে, এখানে) উপস্থিত থাকতে দেখা যায়।
ভারতীয় বেশ কিছু ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের প্রতিবেদন সূত্রে জানা যায়, এই চ্যানেলটির এসব সাজানো ভিডিও সূত্রে আগেও সাম্প্রদায়িক গুজব ছড়িয়েছিল। যা ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো ডিবাংক করেছে। এমন কিছু প্রতিবেদনের লিংক এখানে, এখানে।
সবকিছু বিবেচনায় এটি নিশ্চিত, কয়েকজন হিন্দু তরুণের হাতে এক প্রতিবন্ধী বৃদ্ধ লাঞ্ছিত হওয়ার এই ভিডিওটি স্ক্রিপ্টেড বা সাজানো, এটি কোনো বাস্তব ঘটনা নয়। তাই ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: ‘হিন্দু চরমপন্থীরা’ ভারতে এক ‘শতায়ু বৃদ্ধ’কে নির্মম নির্যাতন করছে
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh