সম্প্রতি "মুসলমানের ওপর কিভাবে হামলা করে হিন্দুরা, দেখুন পশ্চিমবঙ্গের"—এমন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ধারালো অস্ত্র হাতে মাটিতে পড়ে থাকা কাউকে আঘাত করছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি পশ্চিমবঙ্গের নয়। এটি শ্রীলঙ্কার উভা প্রদেশের রাজধানী বাদুল্লা শহরে দুই ভাইয়ের মধ্যে সংঘটিত একটি ঘটনার ভিডিও, যা ভিন্ন দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে Magedara Tea Plantation নামের একটি ফেসবুক পেজে একই ঘটনার একটি দীর্ঘ ভিডিও পাওয়া যায়। এটির সঙ্গে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। ২০২৫ সালের ২১ মে আপলোড করা ভিডিওটির ক্যাপশনে শ্রীলঙ্কার ভাষায় উল্লেখ করা হয়েছে, বাদুল্লা নামের একটি শহরের ঘটনা।
অনুসন্ধানে দেখা যায়, বাদুল্লা শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় অবস্থিত উভা প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর।
এছাড়া ভিডিওতে দৃশ্যমান একটি দোকানের নামের সূত্র ধরে জিওলোকেশন যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, ঘটনাস্থলটি শ্রীলঙ্কার বাদুল্লা শহরের ১০ নম্বর কিংস স্ট্রিট এলাকায়।
পরবর্তী অনুসন্ধানে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম Ada Derana-এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২০ মে প্রকাশিত একই ঘটনার একটি ভিডিও পাওয়া যায়।
ভিডিওটির বর্ণনা অনুযায়ী, ওই দিন বিকেলে বাদুল্লা শহরের কেন্দ্রস্থলে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাইকে আক্রমণ করেন। আহত ব্যক্তিকে পুলিশ বাদুল্লা হাসপাতালে ভর্তি করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে পুলিশ হেফাজতে নেয়।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি পশ্চিমবঙ্গে মুসলমানের ওপর হিন্দুদের হামলার কোনো ঘটনার নয়। এটি শ্রীলঙ্কার বাদুল্লা শহরে দুই ভাইয়ের মধ্যে সংঘটিত একটি ঘটনার ভিডিও।
সুতরাং, এটি শ্রীলঙ্কায় গত বছরের মে মাসে ঘটে যাওয়া একটি ভিন্ন ঘটনার ভিডিও, যার সঙ্গে পশ্চিমবঙ্গ বা সাম্প্রদায়িক হামলার দাবির কোনো সম্পর্ক নেই। তাই এমন দাবিতে শেয়ার করা ভিডিওটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে রেট করছে।
Claim: পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হিন্দুদের হামলা
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh