সম্প্রতি ফেসবুকে একটি বিজ্ঞপ্তির ছবি ঘুরে বেড়াচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৫ সালের সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকারের স্বাক্ষর রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ইতোমধ্যে এ ব্যাপারে সতর্ক করে বলা হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয় নি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে পাওয়া যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ২০২৩ সালের পুরোনো একটি বিজ্ঞপ্তিকে সম্পাদনা করে এই ভূয়া বিজ্ঞপ্তি বানানো হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “বিকৃত” আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
১৩ নভেম্বর থেকে ফেসবুকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাচ্ছে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড – ঢাকার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ১২ নভেম্বর, ২০২৪ এ উক্ত বিজ্ঞপ্তিটি খুঁজে পাওয়া যায় নি। পরবর্তী অনুসন্ধানে ওয়েবসাইটে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর “২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি প্রসঙ্গে” শিরোনামে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়।
দুটো বিজ্ঞপ্তি তুলনা করে দেখা যায়, উভয় বিজ্ঞপ্তির স্বারক নং এবং বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকৃত ব্যক্তি একই। ভূয়া বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তন করা হয়েছে এবং ২০২৫ সালের এর জায়গায় ২০২৬ সাল বসানো হয়েছে। অর্থাৎ ২০২৩ সালের পুরোনো বিজ্ঞপ্তিকে সম্পাদনা করে ভূয়া বিজ্ঞপ্তি বানিয়ে ফেসবুকে ছড়ানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ইতোমধ্যে এ ব্যাপারে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে কোনো সিদ্ধান্ত হয় নি, তাই এ ধরনের অপপ্রচার থেকে দূরে থাকার অনুরোধ করা হলো।
তাই সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে বিকৃত সাব্যস্ত করছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh