ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

70
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে তাঁর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খবরটি মিথ্যা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন ভালো আছেন।

গুজবের উৎস
ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
এসব পোস্টে বলা হচ্ছে, ‘শোক সংবাদ, না ফেরার দেশে চলে গেলেন ইলিয়াস কাঞ্চন।’


অনুসন্ধানে যা জানা যাচ্ছে

১৯৯৩ সালের ২২ অক্টোবর এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন ইলিয়াস কাঞ্চন। তাঁর হাত ধরে গড়ে উঠেছিল ‘নিরাপদ সড়ক চাই’ নামক অলাভজনক প্রতিষ্ঠানটি। ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ‘নিরাপদ সড়ক চাই’ এর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। নিসচার কেন্দ্রীয় নেতৃত্ব এবং সারা দেশের প্রায় ১২০টি শাখা এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর দাবিটি একটি গুজব, যার কোনো ভিত্তি নেই। গুজবের মূল উৎস খুঁজে বের করার দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।

এই বিবৃতিকে সূত্র ধরে একাধিক গণমাধ্যম জানাচ্ছে যে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি সঠিক নয়। এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে- দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, বিডিনিউজটুয়েন্টিফোর ডট কম, দ্য ডেইলি স্টার ইত্যাদি। 

পরিবারের সূত্র ধরে দৈনিক প্রথম আলো জানিয়েছে,  ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। গত বছরের এপ্রিল থেকে তিনি লন্ডনে চিকিৎসাধীন। গত বছরের আগস্টে সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করলেও ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করতে পারেননি। এরপর তিনি বিভিন্ন ধাপে কেমোথেরাপি ও ওরালথেরাপি নিয়েছেন।

সম্প্রতি চিকিৎসা চলার মধ্যেই ১০ দিনের জন্য দেশে এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিসচার একটি অনুষ্ঠানে অংশ নেন (যে খবরটি সে সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল)। এরপর গত সপ্তাহে জামাতার সঙ্গে আবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। পরিবার জানিয়েছে, তাঁর কেমোথেরাপির ধাপ শেষ হয়েছে এবং পরবর্তী চিকিৎসার জন্যই তিনি লন্ডনে ফিরেছেন।

সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ছড়িয়ে পড়া পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

Claim:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে তাঁর পরিবার ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই খবরটি মিথ্যা। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন ভালো আছেন।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh