শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে চলতি বছরের ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর ফেসবুকে ইনকিলাব মঞ্চের চারজন সদস্যের পাশে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে থাকার একটি ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে যে গ্রেফতারকৃত ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের এই সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, এই ছবিটি সম্পূর্ণ এডিট করা। মূলত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের পুরোনো ছবিতে এআই দিয়ে কৃত্রিমভাবে পুলিশ সদস্যদের যুক্ত করা হয়েছে।
আলোচিত ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করে Star News এর ওয়েবসাইটে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি রিপোর্ট পাওয়া যায়, যেখানে এই ছবির মূল সংস্করণটি পাওয়া যায়। ছবিতে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি নেই। রিপোর্টটি থেকে জানা যায়, ছবিটি ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের হামলা নিয়ে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের সংবাদ সম্মেলনের দৃশ্য।
এরপরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে সার্চ করে ইনকিলাব মঞ্চের ইউটিউব চ্যানেল এবং এনটিভির ইউটিউব চ্যানেলে এই সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এই মূল ভিডিওর কোথাও কোনো পুলিশ সদস্যকে তাদের পাশে বা পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল চলতি বছরের ৬ ফেব্রুয়ারি, অথচ হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করা হয়েছে চলতি বছরের ৭ মার্চ। এছাড়া নির্ভরযোগ্য কোনো সূত্রে ইনকিলাব মঞ্চের এই সদস্যদের হাদি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিতে বেশ কিছু অসংগতি লক্ষ্য করা গেছে যা প্রমাণ করে এটি এআই জেনারেটেড । ছবিতে থাকা পুলিশ সদস্যদের প্রত্যেকের চেহারা, হাতের ঘড়ি এবং দাঁড়িয়ে থাকার ভঙ্গি হুবহু এক। এছাড়া, ছবিতে প্রদর্শিত ব্যক্তিদের পরিহিত ইউনিফর্মের রঙ এবং নকশা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পোশাকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে ছবিটি নিয়ে এআই ডিটেকশন টুল ‘SynthID’ এবং ‘ Hive Moderation’ দিয়ে যাচাই করা হয়। টুলগুলো বিশ্লেষণ করে জানায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এই ছবিটিকে কে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।
Claim: শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে চলতি বছরের ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পর ফেসবুকে ইনকিলাব মঞ্চের চারজন সদস্যের পাশে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে থাকার একটি ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে যে গ্রেফতারকৃত ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের এই সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh