তেল আবিবে ইরানের মিসাইল হামলা দাবিতে এআই ভিডিও প্রচার 

7
তেল আবিবে ইরানের মিসাইল হামলা দাবিতে এআই ভিডিও প্রচার 
তেল আবিবে ইরানের মিসাইল হামলা দাবিতে এআই ভিডিও প্রচার 

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা দাবিতে ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শহরের মতো একটি এলাকায় একের পর এক মিসাইলের আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে। বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যমের ফেসবুক পেজেও ভিডিওটি প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি এআই জেনারেটেড। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন- চ্যানেল ওয়ান, বিডি২৪রিপোর্ট। 

ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে ইন্সটাগ্রামে ‘paralelverse_net‘ নামের একটি অ্যাকাউন্টে এটি পাওয়া যায়। গত সোমবার (২ মার্চ) অ্যাকাউন্টটিতে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটির দীর্ঘ ক্যাপশনের নিচে উল্লেখ করে দেওয়া হয়েছে এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কেবল বিনোদনের উদ্দেশ্যে তৈরি। অ্যাকাউন্টটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এমন আরও বেশ কয়েকটি ভিডিও রয়েছে। 

ভিডিওটি পর্যবেক্ষণেও এটি এআই দিয়ে তৈরি হওয়ার লক্ষণ পাওয়া যায়। যেমন, ভিডিওর একটি স্ক্রিনশটে জুম করে এআই-নির্মিত ভিডিওর সাধারণ ত্রুটিগুলো দেখা যায়। যেমন, গাড়ির অনিয়মিত আকার এবং ছাদের ওপর পানির হিটারের মতো দেখতে সব ভবনের ছাদেই একই রকম কাঠামো। 

এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী একাধিক টুলের সাহায্যেও ভিডিওটি যাচাই করে দেখা হয়। এসব টুলগুলো ভিডিওটিকে ৯০ শতাংশের ওপরে এআই জেনারেটেড হিসেবে ফলাফল দেখায়।

এ ছাড়া সিএনএনের আরবি সংস্করণ, আল জাজিরা ও আন্তর্জাতিক ফ্যাক্টচেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) স্বীকৃত একাধিক ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানও ভিডিওটিকে এআই জেনারেটেড হিসেবে উল্লেখ করেছে। 

এসব তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা দাবিতে প্রচারিত ভিডিওটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh