পুরোনো ভিডিও দিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের দাবিটি বিভ্রান্তিকর

11
পুরোনো ভিডিও দিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের দাবিটি বিভ্রান্তিকর
পুরোনো ভিডিও দিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের দাবিটি বিভ্রান্তিকর

আমেরিকার পতাকায় মোড়ানো কফিন উড়োজাহাজ থেকে নামানোর একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে ইঙ্গিত করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের হামলায় নিহত আমেরিকান সৈন্যদের কফিন এগুলো। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের নয়, ২০১১ সালের জুন মাসে ইরাকে নিহত চারজন মার্কিন সেনাসদস্যের মৃতদেহ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের দৃশ্য।

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে। 

ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে আরব ফ্যাক্টচেকিং প্লাটফর্ম মিসবার‘ (Misbar)’র একটি প্রতিবেদন পাওয়া যায়। 

২০২৬ সালের ২ মার্চে প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালের জুন মাসে ইরাকে ‘অপারেশন নিউ ডন    (Opparation New Down)’ এ নিহত আমেরিকান সৈন্যদের মৃতদেহ হস্তান্তরের ভিডিও এটি।

মিসবার তাদের ফ্যাক্টচেক প্রতিবেদন তৈরি করেছে একটি ইউটিউব প্রতিবেদনের উপর ভিত্তি করে। ২০১১ সালের ৮ জুন আপলোড করা এই ভিডিও প্রতিবেদনের ক্যাপশনে বলা হয়েছেঃ  “The ‘Dignified Transfer’ return home of four heroes from Operation New Dawn — Iraq.  Sgt. Emilio J. Campo Jr., Pfc.  Michael B. Cook, Pfc.  Christopher B. Fishbeck, Pfc.  Michael C. Olivieri”. 

এই ক্যাপশনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, এমিলিও কাম্পো, মাইকেল কুক, ক্রিস্টোফার ফিশবেক, রবার্ট হার্টউইক এবং মাইকেল অলিভিয়েরি, বিদ্রোহীদের একটি হামলায় তাদের ঘাঁটিতে নিহত হন। এই সৈনিকরা ১ম ব্যাটালিয়ন, ৭ম ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, ২য় হেভি ব্রিগেড কমব্যাট টিম, ১ম ইনফ্যান্ট্রি ডিভিশনের সদস্য ছিলেন এবং তারা অপারেশন নিউ ডনের সমর্থনে ইরাকে মোতায়েন ছিলেন। 

ইউটিউবের ভিডিওটিতে যে সৈন্যদের নাম আছে, এই প্রতিবেদনেও সেই সৈন্যদের নাম আছে। আলোচিত ভিডিওটি এই ভিডিওটির অংশ।

কাজেই আলোচিত ভিডিওটি চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের নয়। সঙ্গত কারণে, এই দাবিযুক্ত ফেসবুক পোস্টগুলোকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

Claim:
আমেরিকার পতাকায় মোড়ানো কফিন উড়োজাহাজ থেকে নামানোর একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে ইঙ্গিত করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানের হামলায় নিহত আমেরিকান সৈন্যদের কফিন এগুলো।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh