গত ১২ই অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চড়ুইভাতির স্থানের ইট ও রান্নার স্থান নিয়ে সৃষ্ট বিরোধ এবং পরবর্তীতে প্রক্টর অফিসের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনাটি কেবল একটি আঞ্চলিক ক্যাম্পাসের অভ্যন্তরীণ সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ঘটনাটি কয়েক দিনের ব্যবধানে সামাজিক মাধ্যমের মেকানিক্স ও অ্যালগরিদমিক গতিপ্রকৃতির কারণে ধাপে ধাপে সম্পূর্ণ ভিন্ন অর্থে রূপান্তরিত হয়ে একটি আন্তর্জাতিক ও সামাজিক উদ্বেগের বিষয় হিসেবে রূপ নিয়েছে।
এই বিশ্লেষণে দেখা যায়, একটি সাধারণ প্রশাসনিক আদেশ কীভাবে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ধর্মীয়, ঐতিহাসিক ও ভূ-রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্ট, লাইভ, শর্ট রিলস এবং কমেন্ট সেকশনের গতিপ্রকৃতি ও ভাষার কৌশল বিশ্লেষণ করলে দেখা যায়, একটি সাধারণ ভৌগোলিক ও ব্যবহারিক সংকট মূল তথ্য হারিয়ে ধাপে ধাপে পাঁচটি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ও সামাজিক অর্থে স্থানান্তরিত হয়েছে:
চড়ুইভাতির স্থান ও পরিবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ প্রশাসনিক নিষেধাজ্ঞা
প্রথমে এটি কেবল একটি সাধারণ প্রশাসনিক নির্দেশনা ছিল। ঘটনার সূচনায় ১২ অক্টোবর রাতে ক্যাম্পাসের মুক্তমঞ্চের কাছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না নিয়ে বিতর্ক দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রক্টর অফিসের প্রাথমিক বিজ্ঞপ্তিতে (১৪ অক্টোবর) ঘটনাটিকে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছিল- যেখানে সুনির্দিষ্টভাবে গরুর কথা উল্লেখ করা হয়নি; বরং সাধারণভাবে “যেকোনো ধরনের পশু জবাই” থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট ধর্ম, খাদ্য বা মন্দিরের উল্লেখ না থাকলেও মূল কারণ বলা হয়েছিল “জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ”। নোটিশের শেষে আইনি ব্যবস্থার হুমকি থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
প্রক্টর অফিসের আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘গরু খাওয়ার অধিকার’ রক্ষার প্রতিবাদ
বিজ্ঞপ্তির প্রতিক্রিয়া হিসেবে জকসু ও শিক্ষার্থীদের একাংশ বিষয়টিকে ‘নাগরিক খাদ্যাভ্যাসে প্রশাসনিক হস্তক্ষেপ’ হিসেবে গ্রহণ করে। ফলে প্রশাসনিক নির্দেশের বিরোধিতা করে “গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার” স্লোগানের মাধ্যমে আয়োজকরা খাদ্য-স্বাধীনতার দাবি তোলেন। তবে লক্ষ্যণীয় যে, প্রক্টর অফিসের মূল নোটিশটিতে সুনির্দিষ্টভাবে গরুর কথা উল্লেখ করা হয়নি, ছিল পশু জবাই সংক্রান্ত নির্দেশ; কিন্তু স্লোগানে বিষয়টি “গরু খাওয়া বন্ধের চেষ্টা” হিসেবে উপস্থাপিত হওয়ায় এর মধ্যে এক ধরনের অসম্প্রীতির সুর যুক্ত হয়। ১৬ই অক্টোবরের প্রথম দফার পর দিন, ১৭ই অক্টোবর বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জবি শাখার উদ্যোগে দ্বিতীয় দফায় গরু ভোজের আয়োজন করা হয়। এ সময় আয়োজক ও অংশগ্রহণকারীরা ‘লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার’-এর মতো ধর্মীয় স্লোগান দেন এবং পরবর্তীতে ‘দ্বিতীয় দফায় গরু জবাই সম্পন্ন’ সংক্রান্ত ঘোষণা দেন। এটি প্রশাসনিক নিষেধাজ্ঞা ও বিরোধিতার বিপরীতে ধর্মীয় প্রতীক ও স্লোগান ব্যবহার করে অধিকার সাব্যস্ত করার একটি প্রয়াস।
সাধারণ প্রতিবাদ ছেড়ে সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উসকানিমূলক বার্তা ছড়ানো
ধীরে ধীরে সাধারণ এই ক্ষোভটি ধর্মীয় পরিচয় ও শক্তির লড়াইয়ে মোড় নেয়। অনলাইনে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের জড়িয়ে নানা বক্তব্য দেওয়া হয়। “এটা হিন্দুস্তান নয়, বাংলাদেশ” কিংবা “শাহজালালের বাংলায় হিন্দুত্ববাদের ঠাঁই নাই”-এর মতো বক্তব্যের মাধ্যমে বার্তার নিশানা বানিয়ে ফেলা হয় পুরো হিন্দু সম্প্রদায়কে। যেমন ইসলামি বক্তা আরিফ আল খবিরের ভিডিওতে দাবি করা হয়, “সব বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করতে হবে এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মন্দির রাখা যাবে না।” এটি আন্দোলনের চরিত্রকে খাদ্যাভ্যাসের অধিকার থেকে সার্বজনীন ধর্মীয় আধিপত্য বিস্তারের দিকে স্থানন্তর করে। পাশাপাশি, দুর্গাপূজার তিথিতে বাসায় বা খাবার হোটেলে রান্না করা মাংসের ভিডিও পোস্ট করে ছদ্ম-উৎসব ও ডিজিটাল ট্রোলিংয়ের প্রবণতা দেখা যায়। একটি ভিডিও রিলে সরাসরি এই আয়োজনকে “হিন্দুত্ববাদীদের জন্য কঠোর মেসেজ” বলে দাবি করা হয়, যা এই বিবাদকে সরাসরি আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে রূপ দেয়।
একপর্যায়ে ঘটনাটি ক্যাম্পাসের সীমা ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিতর্কের মূল ধারার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। ১৯৪৭ সালের দেশভাগ, জিন্নাহর প্রসঙ্গ, হযরত শাহজালাল (র.) ও রাজা গৌর গোবিন্দ এবং রবীন্দ্রনাথ-নজরুলকে টেনে এনে ধর্মীয় ও সামাজিক বিভাজন তৈরি করা হয়। একই সাথে ঘটনাটিকে ভারতের আঞ্চলিক প্রভাব বনাম বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই বানিয়ে দেওয়া হয়। “শাহজালালের বাংলায় গরু জবাই বন্ধ করার সাহস দেখালে পরিণতি হবে গৌর গোবিন্দের মতো”- এর মতো স্লোগানের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার আধিপত্য প্রকাশের চেষ্টা চালানো হয়। এছাড়াও “রবীন্দ্রনাথের নয়, নজরুলের বাংলাদেশ” – এ জাতীয় পোস্টের মাধ্যমে সাংস্কৃতিক প্রতীকের ধর্মীয় বিভাজন তৈরি করা হয়। পরিশেষে “দিল্লি না ঢাকা”, “পাশের দেশ” কিংবা সম্প্রতি নিহত শরীফ ওসমান হাদীর নাম টেনে আনা হয়। আবার, প্রতিপক্ষকে “মৌলবাদী”, “ভারতের দালাল”, “মোদি শাবক” কিংবা “সন্ত্রাসী” শব্দগুলো ঢালাওভাবে লেবেলিং করা হয়।
ভারতের মূলধারার গণমাধ্যম ও রাজনৈতিক পেজে ঘটনাটি ধর্মীয় উসকানি হিসেবে উপস্থাপন
সবশেষে ক্যাম্পাসের এই ঘটনাটি সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে। ভারতের মূলধারার সংবাদমাধ্যমগুলোতে (যেমন: India Today, NDTV, Bhaskar English) ঘটনাটিকে কেবল একটি সাধারণ চড়ুইভাতি বা প্রশাসনিক বিতর্কের জায়গায় “মন্দিরের সামনে গোমাংস উৎসব”, “পূজার তিথিতে উসকানি” কিংবা “ভারত-বিরোধী আধিপত্যবাদী স্লোগান” ফ্রেমওয়ার্কের খবরের শিরোনাম হিসেবে উপস্থাপন করা হয়। ভারতের আঞ্চলিক রাজনীতিতে বিশেষ করে ‘বিজেপি পশ্চিমবঙ্গ’-এর মতো ভেরিফাইড পেজে এই ঘটনার কিছু ভিডিও প্রচার করে। ভারতের আঞ্চলিক রাজনীতিতে এই ভিডিওগুলো নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার কাজে ব্যবহার করা হয়। একই সাথে সাধারণ মানুষের মনে ‘ইসলামবিদ্বেষ’ বা মুসলিমদের প্রতি চরম অসহিষ্ণুতা তৈরি করতে ব্যবহৃত হয়।
অনলাইনের উসকানিমূলক আবহ থাকা সত্ত্বেও বাস্তবে আয়োজক শিক্ষার্থীরা হিন্দু সহপাঠীদের অনুভূতি রক্ষায় আলাদা খাসির মাংসের ব্যবস্থা করেন এবং আপত্তি ওঠার পর মন্দির থেকে অন্তত ১০ হাত দূরে গিয়ে রান্নার কাজ সম্পন্ন করেন। পরবর্তীতে উপাচার্য ড. মো. রইছ উদ্দীন ও মন্দির পরিচালনা কমিটির উপস্থিতিতে আয়োজক শিক্ষার্থীরা দুঃখ প্রকাশ করে বিষয়টির সুসংহত ও প্রাতিষ্ঠানিক সমাধান টেনে আনেন।
অথচ এই দাপ্তরিক নিষ্পত্তির পরও অনলাইনের স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ ভিন্ন কিছু বিচ্ছিন্ন ঘটনা ও তথ্যহীন দাবি ছড়ায়। ঘটনার কয়েক দিন পর জবির একটি বাস পুড়ে যাওয়ার সংবাদের আইনি কোনো ভিত্তি ছাড়াই তাকে ” হিন্দুদের দ্বারা গরু খাওয়ার বদলা” হিসেবে প্রচার করা হয়। “হাদীর কবরের পাশে শূকরের মাংস জবাইয়ের” মতো উসকানিমূলক পোস্ট করা হয়।
ক্যাম্পাসের স্থানীয় একটি ঘটনা কীভাবে সারা দেশের মানুষকে বিভক্ত করে ফেলল, তার নেপথ্যে ছিল ফেসবুকের অ্যালগরিদম। ফেসবুক মূলত তথ্যের বস্তুনিষ্ঠতার চেয়ে ক্ষোভ ও আবেগপূর্ণ কনটেন্টকে বেশি মানুষের নিউজফিডে বুস্ট করে। ফলে ধর্মীয় অধিকার বা আগ্রাসনের মতো শব্দযুক্ত পোস্টগুলো নিমেষেই ভাইরাল হয়ে দুটি আলাদা ইকো-চেম্বার তৈরি করে। খাদ্য-অধিকারের পক্ষের লোকেরা কেবল নিজেদের সম্প্রদায়ের ভিডিও এবং সনাতন ধর্মাবলম্বীরা কেবল উপাসনালয়ে আঘাতের খবর দেখতে শুরু করেন। সঙ্গে ১৫ থেকে ৩০ সেকেন্ডের রিলস ও কমেন্ট সেকশনের উসকানিমূলক বাক্যবিনিময় যুক্ত হয়ে অনলাইনের পুরো পরিবেশকে বিষাক্ত বানিয়ে ফেলে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটি প্রমাণ করে যে, কীভাবে একটি ভৌগোলিক ও অস্পষ্ট প্রশাসনিক সিদ্ধান্তের কারণে তৈরি হওয়া ঘটনা অ্যালগরিদমিক গতিপ্রকৃতির কারণে বড় ধরনের সামাজিক ও আন্তর্জাতিক উত্তেজনায় রূপ নিতে পারে। মন্দির কমিটির ইতিবাচক অবস্থান ও প্রশাসনিক নিষ্পত্তির পরও অনলাইনের অস্পষ্ট শত্রু তৈরি, নাম ধরে আক্রমণ এবং বিভিন্ন নিরপেক্ষ বিচ্ছিন্ন ঘটনাকে যুক্ত করার মাধ্যমে সংঘাত জিইয়ে রাখার চেষ্টা দেখা গেছে। ডিজিটাল স্ক্রিনের উসকানিমূলক বয়ান কিংবা অ্যালগরিদমের ছড়ানো আবেগের আড়ালে আসল সত্য অনেক সময়ই চোখের আড়ালে থেকে যায়। তাই সেই সত্যকে খুঁজে নিতে হয় অনলাইনের বিষাক্ত বাদানুবাদ পেরিয়ে সহনশীল ও সুসংহত বাস্তবতায়।