দৈনিক আমার দেশ ও সময়ের আলো নামে দুটি পত্রিকার নাম ও লোগোযুক্ত করে দুটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ৭১৪ টি অটোরিকশার মালিক। আরেকটিতে দাবি করা হচ্ছে, তিনি ৭ হাজার অটোরিকশার মালিক। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, পত্রিকা দুটির নামে প্রচারিত ফটোকার্ড দুটি ভুয়া। সংবাদমাধ্যম দুটি এমন ফটোকার্ড প্রকাশ করেনি।
সময়ের আলোর নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি দেখুন এখানে, এখানে, এখানে।
দৈনিক আমার দেশের নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটি দেখুন এখানে, এখানে।
দৈনিক আমার দেশের নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি যাচাই
পত্রিকাটির নাম ও লোগোযুক্ত আলোচিত ফটোকার্ডটিতে একটি কিউআর কোড দেখা যায়। এই কোডটি স্ক্যান করলে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত ভিন্ন একটি সংবাদে নিয়ে যায়। সংবাদে উল্লিখিত ঘটনাটি জামায়াত থেকে বহিষ্কৃত এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে। এই সংবাদে ফটোকার্ডে উল্লিখিত দাবি সম্পর্কিত কোনো তথ্য নেই।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির নিচে তারিখের অংশটি কাটা। তবে বোঝা যাচ্ছে এটি সেপ্টম্বরে পত্রিকাটি প্রকাশিত কোনো ফটোকার্ড। পরবর্তীতে কিউআর কোড থেকে পাওয়া প্রতিবেদন সূত্রে আমার দেশের ফেসবুক পেজে মূল ফটোকার্ডটি পাওয়া যায়। এটি গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। ফটোকার্ডটির শিরোনাম ছিল, ‘গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবা-মায়ের আপসনামায় যা আছে।’
অর্থাৎ আমার দেশের নাম ও লোগো ব্যবহার করে বিকৃত ফটোকার্ড প্রচার করা হচ্ছে।
সময়ের আলোর নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি যাচাই
আলোচিত ফটোকার্ডটি যাচাই করে দেখা যায়, এটি প্রকাশের কোনো তারিখ উল্লেখ নেই। সময়ের আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পত্রিকাটি সাধারণত ফটোকার্ড পোস্ট করার সময় সেটি প্রকাশের তারিখ উল্লেখ করে। আবার ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে সময়ের আলোর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টেরও মিল নেই।
পরবর্তীতে সময়ের আলোর ফেসবুক পেজ খোঁজে সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যমটির এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও আলোচিত দাবিতে প্রকাশিত সময়ের আলোসহ অন্য কোনো পত্রিকায় এমন প্রতিবেদন পাওয়া যায়নি।
এ ছাড়া আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চে সময়ের আলোর ভেরিফায়েড ফেসবুক পেজেই গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়। এটির সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।
সার্বিক বিশ্লেষণে এটি প্রতীয়মান হয়, সময়ের আলোরই গোলাম পরওয়ার সম্পর্কিত ভিন্ন একটি ফটোকার্ড এডিট করে আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হচ্ছে। অর্থাৎ এটিও একটি বিকৃত ফটোকার্ড।
তাই ফ্যাক্টওয়াচ উপরিউক্ত ফটোকার্ড দুটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ বেশ কিছু দাবিতে গত ৫ অক্টোবর ঢাকায় সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এই ঘটনার প্রেক্ষিতে জামায়াতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক প্রশ্নের জবাবে বলেন, সরকারের উচিত অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়া।
Claim: দৈনিক আমার দেশ ও সময়ের আলো নামে দুটি পত্রিকার নাম ও লোগোযুক্ত করে দুটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ৭১৪ টি অটোরিকশার মালিক। আরেকটিতে দাবি করা হচ্ছে, তিনি ৭ হাজার অটোরিকশার মালিক।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh