সারাদেশে প্রায় তিনশো পূজা মন্ডপে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিমা তৈরি করা হবে- এমন বার্তাযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৈনিক ‘আজকের পত্রিকা’ এর একটি ফটোকার্ড এই খবরে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি একটি এডিট করা ফটোকার্ড। আজকের পত্রিকার ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। অন্য কোনো গণমাধ্যমে কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এমন কোনো দাবি করা হয়নি। সঙ্গত কারনে এই ভিত্তিহীন ফটোকার্ডটিকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
এসব ফটোকার্ডের শিরোনামে বলা হয়েছে- সারাদেশে প্রায় তিনশ পুজা মন্ডবে জামায়াতের উদ্যোগে প্রতিমা নির্মান। (বানান অবিকৃত রাখা হয়েছে)
দৈনিক আজকের পত্রিকার লোগোযুক্ত এসব ফটোকার্ডে ২৪ সেপ্টেম্বর,২০২৫ তারিখ যুক্ত করা হয়েছে।
এছাড়া ‘জামাতের দেশ’ নামক একটি কাল্পনিক সংবাদমাধ্যমের নামে একই বার্তাযুক্ত ফটোকার্ড ও দেখা যাচ্ছে।
অনুসন্ধান
আজকের পত্রিকার ভেরিফাইড ফেসবুক পেজ ঘেটে দেখা গেল, ২৪ সেপ্টেম্বর তারিখে তারা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
‘আজকের পত্রিকা’র আসল ফটোকার্ড
ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া ফটোকার্ড
এছাড়া, আজকের পত্রিকায় প্রকাশিত আসল ফটোকার্ড গুলোর সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া এই কার্ড তুলনা করে বেশ কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। যেমন-
১। দু’টি কার্ডে ব্যবহৃত ফন্ট ভিন্ন
২। মূল আজকের পত্রিকার কার্ডের শিরোনামে হলুদ এবং সাদা- এই দুটি রঙ ব্যবহার করে বাক্যগুলো লেখা হয়। কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়া কার্ডে কেবলমাত্র সাদা রঙ ব্যবহার করা হয়েছে।
৩। ‘পুজা’ (পূজা) এবং ‘মন্ডব’ (মন্ডপ) -এমন দু’টি ভুল বানান এই কার্ডে ব্যবহৃত হয়েছে, যা একটি প্রথম সারির দৈনিকের ফটোকার্ডের সাথে মানানসই নয়।
এসব অসঙ্গতি প্রমাণ করে, ফেসবুকে ছড়িয়ে পড়া এই কার্ডটি দৈনিক আজকের পত্রিকা থেকে প্রকাশিত হয়নি।
এই কার্ডে ব্যবহৃত ছবিটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যাচ্ছে, ছবি শেয়ারিং এর ওয়েবসাইট,ফ্লিকার এ ২০১০ সালে picdumerslg নামক একাউন্ট থেকে এই ছবিটি আপলোড করা হয়েছিল। ছবিটির সংশ্লিষ্ট এ্যালবাম থেকে জানা যাচ্ছে, এটি ২০১০ সালে কলকাতা শহরের একটি পূজামন্ডপের ছবি।
এছাড়া, জামাতের দেশ নামক একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের সন্ধান পাওয়া গেলেও সেই পেজ থেকে প্রকাশিত কার্ডগুলোর মধ্যে আলোচ্য ফটোকার্ডটি দেখা যাচ্ছে না।
অন্যদিকে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইট কিংবা ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বানানোর কোনো কর্মসূচি জানানো হয়নি। মূলধারার কোনো গণমাধ্যমেও এমন কোনো সংবাদ দেখা যাচ্ছে না।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই ভুল দাবিযুক্ত সকল ফেসবুক পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
Claim: সারাদেশে প্রায় তিনশো পূজা মন্ডপে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিমা তৈরি করা হবে- এমন বার্তাযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৈনিক ‘আজকের পত্রিকা’ এর একটি ফটোকার্ড এই খবরে ব্যবহৃত হতে দেখা যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh