একজন নারীকে হেনস্তার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হচ্ছে, পহেলা বৈশাখে মোহাম্মদপুরে গর্ভবতী মহিলাকে যৌন নির্যাতন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ঘটনাটি ঢাকার মোহাম্মদপুরের নয়, ভারতের জয়পুরের। গর্ভবতী নারীকে হেনস্তার এই ঘটনায় অবহেলার অভিযোগে ২ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। এ বছরের ১৩ এপ্রিল আপলোড করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “জয়পুরের মালভিয়া নগরে একজন গর্ভবতী নারী শ্লীলতাহানির শিকার হয়েছেন। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে এবং ভিডিওটি ভাইরাল হয়েছে, যা নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। পুলিশ অভিযুক্তকে খুঁজছে, তবে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।” এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওর মিল রয়েছে।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে টাইমস অব ইন্ডিয়া (Times of India)’র একটি প্রতিবেদন পাওয়া যায়। ১৩ এপ্রিল প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, এ বছরের ২৫ মার্চ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে জয়পুরের মালভিয়া নগরের (Malviya Nagar area in Jaipur) সেক্টর ৯-এর কাছে একটি গলিতে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে এসে ওই নারীকে শ্লীলতাহানি করে। নারীটি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি তাকে পাথর দিয়ে ভয় দেখিয়ে পালিয়ে যায়। এই প্রতিবেদনের সঙ্গে স্থির ছবি যুক্ত রয়েছে, যা আলোচিত ভিডিওর সঙ্গে মেলে।
উল্লেখ্য, নতুন করে আবারএই ঘটনাটি নিয়ে ভারতের মূলধারার সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কারণ, গত ১২ এপ্রিল এই মামলাটি তদন্তে অবহেলার অভিযোগে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মহেশ চাঁদ এবং হেড কনস্টেবল অঙ্গদরামকে বরখাস্ত করা হয়েছে।
কাজেই ঘটনাটি পহেলা বৈশাখে মোহাম্মদপুরের নয়, গত মার্চে ভারতের জয়পুরে ঘটেছে। সঙ্গত কারণে আলোচ্য ক্যাপশনের কারণে ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হলো।
Claim: একজন নারীকে হেনস্তার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হচ্ছে, পহেলা বৈশাখে মোহাম্মদপুরে গর্ভবতী মহিলাকে যৌন নির্যাতন।
Claimed By: facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh