সাংবাদিক মাসুদ কামালকে গ্রেফতারের গুজব 

222
সাংবাদিক মাসুদ কামালকে গ্রেফতারের গুজব 
সাংবাদিক মাসুদ কামালকে গ্রেফতারের গুজব 

সাংবাদিক মাসুদ কামালকে গত রাতে রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার করা হয়েছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে রাতের অন্ধকারে হুইসেল বাজিয়ে আইনশৃঙ্গখলা বাহিনীর একাধিক গাড়ি সারিবদ্ধ অবস্থায় চলতে দেখা যায়। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মাসুদ কামালকে মতিঝিল থেকে গ্রেফতার করার দাবিটি সঠিক নয়। মাসুদ কামাল তার ফেসবুক অ্যাকাউন্টে আজ বৃহস্পতিবার দুপুরে দেওয়া একটি স্ট্যাটাসে দাবিটিকে গুজব হিসেবে আখ্যা দিয়েছেন। এ ছাড়া তাকে গ্রেফতারের দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, এটি রাজশাহী থেকে ধারণ করা একটি পুরোনো ভিডিও।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

মাসুদ কামালের গ্রেফতারের দাবির সত্যতা যাচাই

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশীয় কোনো সংবাদমাধ্যমে  সাংবাদিক মাসুদ কামালকে গ্রেফতার করার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে আরও খুঁজে মাসুদ কামালের ফেসবুক অ্যাকাউন্টে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দেওয়া একটি পোস্ট পাওয়া যায়। 

সাংবাদিক মাসুদ কামালের স্ট্যাটাস

বৃহস্পতিবার দুপুর ২ টা বাজে দেওয়া এই পোস্টে মাসুদ কামালের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘গতকাল মধ্যরাত থেকে অনেকগুলো ফোন এসেছে আমার নাম্বারে, আমার স্ত্রীর নাম্বারে। সবাই জানতে চেয়েছেন, আমি ঠিক আছি কিনা! আমার ঠিক থাকা না-থাকার প্রশ্ন ওঠছে কেন? কারণ— ফেসবুকের একটা গুজব। যেখানে বলা হয়েছে মধ্যরাতে নাকি আমাকে গ্রেপ্তার করা হয়েছে!’ 

তবে তিনি পোস্টে গ্রেফতারের আশংকা করে লিখেন, ‘গুজবটার কিছু বাস্তবিক সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। কথা বলার অপরাধে (?) সাংবাদিক পান্না কিংবা অধ্যাপক কার্জনকে তো এখনও জেলে থাকতে হচ্ছে! তারপরও এ ধরনের গুজব বা ঘটনাকে আমি পাত্তা দিই না।’

অর্থাৎ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, বিকেল ৪টা ৪৫ মিনিট) তার গ্রেফতারের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। 

ভিডিও যাচাই 

মাসুদ কামালকে মতিঝিল থেকে গ্রেফতার করার দাবিতে প্রচারিত ভিডিওটি রিভার্স ইমেজ সার্চে দৈনিক রাজশাহী সংবাদ নামে একটি ফেসবুক পেজে এটি পাওয়া যায়। পেজটিতে ভিডিওটি ২০২৩ সালের ১১ নভেম্বর পোস্ট করা হয়। ক্যাপশন থেকে জানা যায়, এটি রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের দৃশ্য। 

মাসুদ কামালকে গ্রেফতারের দাবিতে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে, এটি রাজশাহী থেকে ধারণ করা একটি পুরোনো ভিডিও

ভিডিওটি দেখুন এখানে। 

প্রসঙ্গত, একই ভিডিও পূর্বে আইনজীবী জেড আই খান পান্নাকে পুলিশ গ্রেফতার করার দাবিতেও ফেসবুকে প্রচার হতে দেখেছে ফ্যাক্টওয়াচ। 

একই ভিডিও পূর্বে আইনজীবী জেড আই খান পান্নাকে পুলিশ গ্রেফতার করার দাবিতেও ফেসবুকে প্রচার করা হয়েছে

সর্বোপরি, ফ্যাক্টওয়াচ এটি নিশ্চিত যে,  সাংবাদিক মাসুদ কামালকে গত রাতে রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার করার দাবিটি মিথ্যা।

Claim:
সাংবাদিক মাসুদ কামালকে গত রাতে রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার করা হয়েছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে রাতের অন্ধকারে হুইসেল বাজিয়ে আইনশৃঙ্গখলা বাহিনীর একাধিক গাড়ি সারিবদ্ধ অবস্থায় চলতে দেখা যায়।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh