সম্প্রতি ফেসবুকে এনসিপি নেতা নুরুজ্জামান কাফিকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তাকে চাঁদাবাজির মামলায় আটক করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশ সদস্য কাফিকে ধরে নিয়ে যাচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব গ্রেপ্তারের নয়, এটি কাফি অভিনীত একটি নাটকের দৃশ্য।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে প্রথমে ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। সেখানে কাফিকে পুলিশ সদস্যদের সঙ্গে দেখা গেলেও ভিডিওটিতে এমন কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র নেই, যা থেকে এটিকে বাস্তব ঘটনার ভিডিও হিসেবে নিশ্চিত হওয়া যায়।
ভিডিওটির উৎস অনুসন্ধান করতে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে কাফিরই ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে অভিনীত একটি নাটকের ভিডিও পাওয়া যায়। নাটকটির ২৯ মিনিট ৫৫ সেকেন্ড থেকে ৩০ মিনিট ৫ সেকেন্ড পর্যন্ত অংশে ভাইরাল ভিডিওতে ব্যবহৃত একই দৃশ্য দেখা যায়।
ভাইরাল ভিডিওটি এবং নাটকের দৃশ্যটি তুলনা করে দেখা যায়, চরিত্রগুলোর পোশাক, পুলিশের অবস্থান, ক্যামেরার অ্যাঙ্গেল এবং ঘটনাপ্রবাহ এক। এতে নিশ্চিত হওয়া যায়, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি নাটক থেকে কেটে নিয়ে বাস্তব ঘটনার ভিডিও হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া, গত ২৬ জুলাই কাফি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, “পুলিশে ধরে নিয়ে গেলো কাফিকে, নাটকের মধ্যে।”
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি কোনো বাস্তব গ্রেপ্তারের নয়, এটি কাফি অভিনীত একটি নাটকের দৃশ্য। এই দৃশ্যটি ব্যবহার করে সামাজিক মাধ্যমে তার গ্রেপ্তারের দাবিটি প্রচার করা হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল দাবিটিকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে এনসিপি নেতা নুরুজ্জামান কাফিকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তাকে চাঁদাবাজির মামলায় আটক করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশ সদস্য কাফিকে ধরে নিয়ে যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh