পাকিস্তানের পতাকা নিয়ে মোটর সাইকেল র্যালির দুটি ছবি ফেসবুকে ছড়াতে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবি দুটির পতাকার অংশ এডিট করে বসানো হয়েছে।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চে বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন পাওয়া যায়। এ বছরের ৩ জুলাই প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম- “বাংলাদেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী?” প্রতিবেদনটি থেকে জানা যায়, বাংলাদেশের মাদারীপুর শহরের মডেল মসজিদ মোড়ে আসরের নামাজ শেষে জড়ো হন দেড় শতাধিক মুসল্লি। সেখানে অনেকের হাতে ছিল কালেমাখচিত পতাকা। কোনোটির রঙ কালো, কোনোটি সাদা।
এই প্রতিবেদনের সঙ্গে বিবিসির থেকে নেওয়া একটি ছবি যুক্ত রয়েছে। “মাদারীপুরে কালেমা খচিত পতাকা নিয়ে মোটরসাইকেল র্যালি” – এই ক্যাপশনের ছবিটির সঙ্গে আলোচ্য ছবির মিল রয়েছে। ফেসবুকে ছড়ানো পোস্টগুলোতে শুধু মিছিলকারীদের হাতের কালেমা খচিত পতাকার বদলে পাকিস্তানের পতাকা দেখা যাচ্ছে।
এই প্রতিবেদনের সূত্র ধরে বিবিসি নিউজ বাংলা’র একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম- “বাংলাদেশে কালেমা খচিত পতাকা নিয়ে কী হচ্ছে?” প্রতিবেদনটি থেকে জানা যায়, হেফাজতে ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারের একটি বক্তব্য থেকে সাদাকালো পতাকা নিয়ে শোডাউনের ঘটনা ঘটে থাকতে পারে।
এই প্রতিবেদনের মোটর সাইকেল র্যালি থেকে দুটি ফ্রেম কেটে নিয়ে পতাকা অংশটি বদলে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়।
সাদাকালো কালেমা খচিত পতাকা নিয়ে বাংলা স্ট্রিমও একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
কাজেই পাকিস্তানের পতাকা নিয়ে মোটর সাইকেল র্যালির ছবিটি এডিট করে বানানো হয়েছে। ফলে সঙ্গত কারণে এসব ছবিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: পাকিস্তানের পতাকা নিয়ে মোটর সাইকেল র্যালির দুটি ছবি ফেসবুকে ছড়াতে দেখা যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh