বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বেশ কয়েকটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওগুলো খালেদা জিয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থার দৃশ্য। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়ার ভিডিওগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। কাজেই, ভিডিওগুলোকে ফ্যাক্টওয়াচ বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
সবুজ পোশাকে হাসপাতালের বিছানায় সামান্য নড়াচড়া করছেন এক নারী, এ ধরণের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, তিনি খালেদা জিয়া। ভিডিওটি দেখুন, এখানে, এখানে, এখানে।
ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে হাসপাতালের শয্যাশায়ী অবস্থায় খালেদা জিয়ার কোনো ছবি বা ভিডিও নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায় না। সংবাদমাধ্যম অথবা বিএনপির প্রচারমাধ্যমগুলোতে খুঁজলে হাসপাতালের ভেতরে বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক কোনো ছবি বা ভিডিও পাওয়া যায় না।
ভিডিওটিকে পর্যালোচনা করলে দেখা যায়, পোশাক ও অঙ্গভঙ্গি অস্বাভাবিক, যা সাধারণত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিওর একটি বৈশিষ্ট্য।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয়েছে, তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ–সমমানের হাই-ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। ২৩ নভেম্বর ভোরে এইচডিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়। এই প্রতিবেদনের সঙ্গে খালেদা জিয়ার স্বাভাবিক সময়ের একটি ছবি যুক্ত রয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থার ছবি নেই।
এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিও শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশন’-এর মাধ্যমে যাচাই করলে ভিডিওটিকে ৯৯ শতাংশ এআই বলে চিহ্নিত করে।
নমুনা-২
অপর একটি ভিডিওতে খালেদা জিয়া বলে দাবিকৃত গোলাপি রঙের পোশাকের একজন নারীকে চিকিৎসারত অবস্থায় দেখা যায়। তিনি নড়াচড়া করছেন, হাত দিয়ে ইশারা করছেন। ভিডিওটি দেখুন এখানে।
ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজে সার্চে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। দাবিকৃত ভিডিওর সঙ্গে সংবাদ প্রতিবেদনে প্রকাশিত ছবির কালো চেয়ার এবং পরনের কাপড়ের মিল রয়েছে। ছবির ক্যাপশনে উল্লেখ রয়েছে, খালেদা জিয়ার এই ছবিটি ২০২১ সালের মে মাসের।
ধারণা করা যায়, এই ছবিকে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। এ আই ভিডিও শনাক্তকারী টুল ‘ডিপফেক ও মিটার’ দ্বারা পরীক্ষা করলে ভিডিওটিকে এআই-জেনারেটেড বলে শনাক্ত করে।
নমুনা-৩
ফেসবুকে প্রচারিত আরও একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শয্যাশায়ী খালেদা জিয়াকে ঘিরে কিছু ডাক্তার ও লোকজন রয়েছেন। ভিডিওটি দেখুন, এখানে, এখানে।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার সংবাদমাধ্যমে দাবিকৃত ভিডিওটি পাওয়া যায় না।
ভিডিওটির শব্দ, ক্যামেরার অ্যাঙ্গেল, কার্টুন-ধর্মী চেহারা পর্যালোচনা করলে ধারণা করা যায়, কোনো ছবিকে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা এটি তৈরি করা হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ভিডিও শনাক্তকারী টুল ‘ডিপফেকওমিটার’ দ্বারা পরীক্ষা করলে ভিডিওটি এআই-জেনারেটেড বলে শনাক্ত করে।
তাই ফ্যাক্টওয়াচ উপরের সবগুলো ভিডিওকে ‘বিকৃত’ হিসেবে চিহ্নিত করছে।
Claim: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে রয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে বেশ কয়েকটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভিডিওগুলো খালেদা জিয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থার দৃশ্য।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh