শ্রমিকদের উপর পুলিশের গুলি দাবিতে ছড়ানো ভিডিওটি এআই জেনারেটেড  

38
শ্রমিকদের উপর পুলিশের গুলি দাবিতে ছড়ানো ভিডিওটি এআই জেনারেটেড  
শ্রমিকদের উপর পুলিশের গুলি দাবিতে ছড়ানো ভিডিওটি এআই জেনারেটেড  

সম্প্রতি ঢাকার আশুলিয়া, গাজীপুর ও মিরপুরসহ বিভিন্ন পোশাক কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ নানা দাবিতে শ্রমিকদের আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। দাবি করা হচ্ছে ঢাকায় আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিতে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে, এই আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক নিহত হওয়ার মতো ঘটনার উল্লেখ কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এখনও পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ভিডিওটি পর্যবেক্ষণ করলে বেশ কিছু স্পষ্ট ভিজ্যুয়াল ত্রুটি ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, দৌড়ে আসা মানুষগুলো রাস্তার মাঝে থাকা শক্ত ব্যারিকেড ভেদ করে অবাস্তবভাবে পার হয়ে চলে আসছে। এছাড়া ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষকে গোলাগুলির মধ্যেও একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। একই সাথে, ভিডিওতে প্রদর্শিত পুলিশের পরনে থাকা পোশাক বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পোশাকের সাথে মেলে না।

এই সকল দৃশ্যমান অসঙ্গতিগুলো বিবেচনা করে ভিডিওটির সত্যতা ও উৎস যাচাইয়ে একাধিক এআই ডিটেকশন টুল ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে, ‘DeepFake-O-Meter’, ‘TruthScan’ এবং ‘Hive Moderation’-এর মতো এআই ডিটেক্টর টুলগুলোর মাধ্যমে ভিডিওটির ফ্রেম ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়। টুলগুলো জানায় যে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি বা ম্যানিপুলেটেড হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে, আন্দোলন দমাতে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে। বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর এবং পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ কিছু শ্রমিক ও পথচারী আহত হওয়ার খবর জানা যায়। কিন্তু কোথাও পুলিশের গুলিতে কেউ নিহত হওয়ার তথ্য কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যায়নি।

অতএব, সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ বিকৃত হিসেবে সাব্যস্ত করেছে।

Claim:
ঢাকায় আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলিতে ২ জন শ্রমিক নিহত হয়েছেন।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh