সম্প্রতি ফেসবুকে ‘ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না লামিন ইয়ামাল'- এমন ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর মঞ্চে পদক নেওয়ার সময় ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন (হ্যান্ডশেক) না করেই তাকে এড়িয়ে চলে গেছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, ডোনাল্ড ট্রাম্প নিজেই ইয়ামালের গলায় বিশ্বকাপের স্বর্ণপদকটি পরিয়ে দেন। পদক পরানোর ঠিক আগে তারা দুজনে খুব স্বাভাবিকভাবে একে অপরের সাথে করমর্দন করেন।
ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত একটি নির্দিষ্ট দিক(অ্যাঙ্গেল) থেকে ধারণ করা হয়েছিল। প্রাথমিক ওই ভিডিওতে দেখা যায়, ইয়ামাল মঞ্চের এক পাশ থেকে হেঁটে পদক নিচ্ছেন এবং প্রথম দেখায় মনে হচ্ছিল তিনি ট্রাম্পের বাড়ানো হাত এড়িয়ে চলে গেছেন। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। এর ফলে FOX 5 Washington DC এর ইউটিউব চ্যানেলে স্পেনকে স্বর্নপদক এবং বিশ্বকাপ ট্রফি প্রদানের সম্পূর্ণ ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি ভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ধারণ করা।
এই অ্যাঙ্গেল থেকে ধারণ করা দৃশ্যটি বিশ্লেষণ করলে দেখা যায়, পদক নেওয়ার মূল মুহূর্তে লামিন ইয়ামাল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময়েই ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ইয়ামালের গলায় বিশ্বকাপের স্বর্ণপদকটি পরিয়ে দেন। পদক পরানোর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইয়ামাল একে অপরের সঙ্গে অত্যন্ত স্বাভাবিকভাবেই করমর্দন করেন।
USA TODAY Sports এর ইউটিউব চ্যানেলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই করমর্দনের দৃশ্যটি পাওয়া যায়।
অর্থাৎ, লামিন ইয়ামাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন এড়িয়ে যাননি। একটি খণ্ডিত এবং নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া ভিডিওর ওপর ভিত্তি করে ভাইরাল দাবিটি করা হচ্ছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিত্তিহীন এসব পোস্টকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
Claim: ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না লামিন ইয়ামাল
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh