সম্প্রতি ফেসবুকের কিছু পোস্টে অস্বাভাবিক কমদামে ল্যাপটপ বিক্রির প্রচারণা ও বিজ্ঞাপন চালানো হচ্ছে। দাবি করা হচ্ছে, মাত্র ৩২৫০ বা ৩৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে এইচপি, লেনোভো ও আসুস সহ পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ। ক্যাপশনে বলা হচ্ছে, এই ল্যাপটপ অর্ডার করতে বিকাশে মাত্র ৩০০ বা ৫১০ টাকা পাঠিয়ে বুকিং নিশ্চিত করতে হবে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, চক্রটি সাধারণত বুকিংয়ের নামে অগ্রিম টাকা নিয়ে ল্যাপটপ ডেলিভারি না দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ডেলিভারি-সংক্রান্ত খরচের কথা বলে কৌশলে ক্রেতার কাছ থেকে ধাপে ধাপে আরও টাকা আদায়ের চেষ্টা করে। মূলত প্রতারণার মাধ্যমে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়াই চক্রটির উদ্দেশ্য।
ফেসবুকে কিছু পোস্টে প্রতারণার অভিযোগ ওঠার পর বিষয়টি অনুসন্ধানে নামে ফ্যাক্টওয়াচ। শুরুতে অভিযোগের নমুনা বিশ্লেষণ করে ‘Daraz Laptop Shop’, ‘Laptop Shop’, ‘Laptop World’ ও ‘Daraz Collection’ কি-ওয়ার্ড ব্যবহার করে ফেসবুক ও মেটা অ্যাড লাইব্রেরিতে খোঁজ করা হয়। এতে একই ধরনের নামে পরিচালিত একাধিক ফেসবুক পেজ এবং সেগুলো থেকে চালানো ৩টি বিজ্ঞাপন পাওয়া যায়। অনুসন্ধানের সুবিধার্থে এ পর্যায়ে ১৭টি পেজ নিয়ে কাজ শুরু করে ফ্যাক্টওয়াচ। পেজগুলো হলো:
বিজ্ঞাপনের ভিডিওগুলোতে দেখা যায়, ল্যাপটপ শোরুমে বিভিন্ন মডেলের ল্যাপটপ বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। ‘Daraz Laptop Shop’ নামের পেজে এক ব্যক্তির একটি ভিডিও পাওয়া যায়, যেখানে তিনি ক্যামেরার সামনে ক্রেতাদের উদ্দেশে এইচপি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ল্যাপটপ দেখাচ্ছেন। ক্যাপশন ও ভিডিওতে দাবি করা হয়, ল্যাপটপে ৬৫% মূল্যছাড় চলছে এবং মাত্র ৩,৫০০ টাকায় ল্যাপটপটি কেনা যাবে। ভিডিওটির একটি কি-ফ্রেম গুগল রিভার্স ইমেজ সার্চে খুঁজলে ‘Four Star IT’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ মেলে। ‘Four Star IT’ এর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, ‘Daraz Laptop Shop’ এর সেই ভিডিওটি আসলে এই পেজে আপলোড করা হয় অক্টোবর ৭, ২০২৪ এ। অর্থ্যাৎ, ভিডিওটি এই পেজ থেকে নিয়ে এডিট করে ‘Daraz Laptop Shop’ থেকে আপলোড করা হয় জানুয়ারি ৮, ২০২৬ এ।
মূল ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে গলায় ঝোলানো আইডি কার্ড থেকে জানা যায়, ভিডিওতে উপস্থিত সেই ব্যক্তির নাম সৈয়দ মেহেদী হাসান। তিনি সেই সময়ে Four Star IT-তে কর্মরত ছিলেন। Four Star IT-এর পেজে থাকা আসল ভিডিওতে Daraz Laptop Shop, বা ৬৫% মূল্যছাড় কিংবা ৩,৫০০ টাকায় ল্যাপটপ পাওয়া যায় এমন কোনো তথ্য নেই। ঢাকার মাল্টিপ্ল্যান, আইডিবি ভবন ও গুলশান ১ এ Four Star IT-এর শোরুম রয়েছে।
এ বিষয়ে ইউটিউবে খুঁজলে ২৭ জানুয়ারি ২০২৬ এ প্রকাশিত যমুনা টেলিভিশনের “লোভনীয় অফারের ফাঁদে পড়ে ৫ বার টাকা পাঠিয়েও পেলেন না ল্যাপটপ | Online Frauding | Jamuna TV” শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে বিজ্ঞাপনের ভিডিওটির মিল পাওয়া যায়। প্রতিবেদনে উঠে আসে, Daraz Laptop Shop-এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই; পেজে দেওয়া খুলনার ঠিকানায় গিয়ে এমন কোনো দোকান পাওয়া যায়নি।
এ বিষয়ে Four Star IT-এর সঙ্গে যোগাযোগ করলে প্রতিষ্ঠানটি জানায়, তাদের অফিসিয়াল পেজ থেকে এর আগে একাধিকবার সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে। তাদের কোনো ভিডিও পুনঃপ্রচারের অধিকার বা সম্মতি কোনো তৃতীয় পক্ষকে দেওয়া হয়নি। তারা আরও জানায়, এ ধরনের প্রতারক চক্র ব্যবসায়ীদের জন্যও হুমকি, তাই পণ্য কেনার সময় ক্রেতাদের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত।
Daraz Laptop World নামের আরেকটি পেজে একই ধরনের আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় মাওলানা ইমদাদুল্লাহ আল-গালিবকে, যিনি তৎকালীন Galib’s Laptop নামের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। Galib’s Laptop-এর একটি পোস্টে স্পষ্টভাবে জানানো হয়, Daraz Laptop World-এর সঙ্গে মাওলানা ইমদাদুল্লাহ আল-গালিবের কোনো সম্পর্ক নেই এবং তার ভিডিও অনুমতি ছাড়াই ল্যাপটপ বিক্রির নামে প্রতারণায় ব্যবহার করা হচ্ছে। ওই পোস্টে আরও জানানো হয়, তাদের শোরুমে ১৫,০০০ টাকার কমে কোনো ল্যাপটপ নেই।
অন্যদিকে ‘RJ Gadget 01’ নামের একটি পেজে ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে ল্যাপটপ বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা দেওয়ার পরও কেউ ল্যাপটপ পাননি। পেজটির বিভিন্ন ভিডিও পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, ‘Gadget Rj’ নামের ভিন্ন একটি দোকানের ভিডিও এই ভুয়া পেজে ব্যবহার করা হচ্ছে। ফলে অনেক ভুক্তভোগী ‘Gadget Rj’ এর নামেই প্রতারণার অভিযোগ তুলছেন। এই ‘Gadget Rj’ এর সতর্কতামূলক পোস্টে জানানো হয়, এসব পেজের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। পোস্টে তাদের অফিসিয়াল ফোন নম্বর, পেজ ও দোকানের ঠিকানা উল্লেখ করে এর বাইরে প্রতিষ্ঠানের নাম ব্যবহারকারী কোনো সন্দেহজনক পেজের ফাঁদে পা না দিতে সতর্ক করা হয়।
‘Daraz Online Shop’ পেজের সেই পোস্টে দেখানো ‘HP 15s-fq5357TU’ মডেলের ল্যাপটপের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৯,০০০ টাকা, অথচ পেজটিতে এর দাম দেখানো হচ্ছে মাত্র ৩,৫০০ টাকা। পোস্টে আরও দাবি করা হয়, মাত্র ৫১০ টাকা দিলেই অর্ডার নিশ্চিত হবে। অথচ প্রচলিত কম্পিউটারের দোকানগুলোতে স্টকে থাকা ল্যাপটপ কেনা বা অর্ডারের ক্ষেত্রে সাধারণত কোনো অগ্রিম পেমেন্টের প্রয়োজন হয় না।
যমুনা টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাসিন্দা রফিকুল্লাহর কথা। পেশায় কম্পিউটার প্রশিক্ষক রফিকুল্লাহ ‘Daraz Laptop Shop’ থেকে ল্যাপটপ অর্ডার করে টাকা পাঠালেও ল্যাপটপ হাতে পাননি। তবে প্রতিবেদনটি প্রচারের কয়েক মাস পরও অনলাইনে নতুন নতুন ভুক্তভোগীর পোস্ট দেখা যাচ্ছে। প্রতারণার শিকার দাবি করা অনেকে সামাজিক মাধ্যমে এই চক্র সম্পর্কে সতর্কতামূলক পোস্ট দিচ্ছেন।
৭ জুন ২০২৬ তারিখে ‘Hasan Ali’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে দাবি করা হয়, ‘Daraz Laptop Shop’ কে মোট ১১,৩১৪ টাকা পরিশোধ করেও তিনি অর্ডার করা ল্যাপটপ পাননি। ভুক্তভোগীদের অনেকে পেজে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে বিক্রেতার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট এবং বিকাশ লেনদেনের স্ক্রিনশট তাদের স্ক্যাম অ্যালার্ট পোস্টে যুক্ত করেছেন। ‘Serajul Islam’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকেও একই ধরনের দাবি করে ‘Daraz Laptop Shop’ এর সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ করা হয়। ফ্যাক্টওয়াচ কথাপকথনের এই স্ক্রিনশটগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান এবং ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী এটি স্পষ্ট যে, এক বা একাধিক চক্র ল্যাপটপ বিক্রির নামে আর্থিক প্রতারণা করছে। বিনা অনুমতিতে বিভিন্ন কম্পিউটারের দোকানের ছবি ও ভিডিও ব্যবহার করে এসব ভুয়া ফেসবুক পেজ থেকে কৌশলে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে।
তাই ফ্যাক্টওয়াচ এসব ভুয়া ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
প্রতিবেদনটি লিখেছেন শিক্ষানবিশ আবদুল্লাহ আল যুনায়েদ
Claim: সম্প্রতি ফেসবুকের কিছু পোস্টে অস্বাভাবিক কমদামে ল্যাপটপ বিক্রির প্রচারণা ও বিজ্ঞাপন চালানো হচ্ছে। দাবি করা হচ্ছে, মাত্র ৩২৫০ বা ৩৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে এইচপি, লেনোভো ও আসুস সহ পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ। ক্যাপশনে বলা হচ্ছে, এই ল্যাপটপ অর্ডার করতে বিকাশে মাত্র ৩০০ বা ৫১০ টাকা পাঠিয়ে বুকিং নিশ্চিত করতে হবে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh