সম্প্রতি ঢাকার শাহবাগ এলাকার একটি মিছিলের ভিডিও ফেসবুকে শেয়ার দিয়ে দাবি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের মিছিল। ভিডিওটির ক্যাপশনে “১৪.০৯.২০২৫” তারিখ উল্লেখ করে বলা হচ্ছে, আওয়ামী লীগের জোয়ার ধীরে ধীরে বেড়ে চলেছে রাজপথে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি গত বছরের জুলাইয়ের ভিডিও এবং এটি আওয়ামী লীগের মিছিল নয়।
ভিডিওটি থেকে বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। ২০২৪ সালের ১১ জুলাইয়ের এই পোস্টে বেশ কয়েকটি স্থির ছবি রয়েছে। স্থির ছবিগুলোর একটিতে শাহবাগের ফ্লাইওভারের একটি পিলারের কাছে শাদা শার্ট পড়া এক ব্যক্তির উপস্থিতি আলোচিত ভিডিওর একটি অংশের সঙ্গে হুবহু মিল রয়েছে। ২৩ সেকেন্ডের ভিডিওটির ৪ সেকেন্ডে পিলারের কাছে ঐ ব্যক্তিকে দেখা যায়।
পরবর্তী অনুসন্ধানে, আরও একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। গত বছরের ১৪ জুলাই পোস্ট করা এই ভিডিওতে তারিখ হিসেবে ১১ জুলাই উল্লেখ করে ক্যাপশনে বলা হয়, “পুলিশের ব্যারিকেড সরিয়ে শিক্ষার্থীদের শাহবাগ দখলের এই ভিডিও ইতিহাস হয়ে থাকবে, কোটা সংস্কার আন্দোলন, ১১.০৭.২০২৪”। মিছিলের এই ভিডিওতে বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান শোনা যায়। এই ভিডিওর স্থান এবং পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
ছবি এবং ক্যাপশন থেকে প্রতীয়মান হয় যে, এটি গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল, আওয়ামী লীগের মিছিল নয়। আলোচিত ভিডিওটির অডিওতে ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ স্লোগানটি পরে যুক্ত করা হয়েছে।
ফেসবুক পোস্ট দুটির তারিখ এবং ক্যাপশন অনুসরণ করে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ১১ জুলাই একুশে টিভির একটি ভিডিও প্রতিবেদনের ক্যাপশনে বলা হয়েছে, “কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।” এই প্রতিবেদনের সঙ্গে মিছিলের যে অংশের ভিডিও রয়েছে তার সঙ্গে আলোচিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।
আরও অনুসন্ধানে প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ১১ জুলাই প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, “কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। আজ বিকেল পাঁচটার দিকে পুলিশের বাঁধা পেরিয়ে শাহবাগের দিকে এগিয়ে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা।” এই প্রতিবেদনের সঙ্গের ছবিটি আলোচিত ভিডিওর স্থানের মিল রয়েছে।
ফলে সব দিক পর্যালোচনা করে এটি স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি এ বছরের সেপ্টেম্বরের আওয়ামী লীগের মিছিলের নয়। এটি গত বছরের ১১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। সঙ্গত কারণে, আওয়ামী লীগের মিছিল দাবি করা ফেসবুক পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করা হলো।
Claim: সম্প্রতি ঢাকার শাহবাগ এলাকার একটি মিছিলের ভিডিও ফেসবুকে শেয়ার দিয়ে দাবি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের মিছিল। ভিডিওটির ক্যাপশনে “১৪.০৯.২০২৫” তারিখ উল্লেখ করে বলা হচ্ছে, আওয়ামী লীগের জোয়ার ধীরে ধীরে বেড়ে চলেছে রাজপথে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh