এপস্টিন ফাইলসে ফুটবল তারকা লিওনেল মেসির ব্যক্তিগত মুহূর্তের একটি ছবি ফাঁস হয়েছে বলে অনেকে দাবি করছেন। ছবিতে তাকে একজন পুরুষ সঙ্গীর সাথে দেখা যাচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, মেসির এই ছবিটি এপস্টিন ফাইলস থেকে পাওয়ার দাবিটি ভিত্তিহীন। ছড়িয়ে পড়া ছবিটা লিওনেল মেসি এবং আরেকজন আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও আগুয়েরোর ,যে ছবিটা দীর্ঘদিন ধরে অনলাইনে রয়েছে। ফুটবল বোদ্ধারা এই ছবিটাকে তাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে দেখিয়ে থাকেন।
এন মিজানুর রহমান মাজহারি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “এই যে ফুটবল কিংবদন্তি বহুল চর্চিত আইডল!?
এপস্টাইন ফাইলস রেকর্ড থেকে আরেকটি ছবি ফাঁস করেছে… এত নিকৃষ্টতর মনুষ্য ও মুসলিম তরুণদের
আইডল হতে পারে,,,,!! এগুলো নিয়ে পোস্ট করতে নিজের আত্মমর্যাদায় বাঁধা দেয়, তবুও শয়তান পূজারি সমকামী মেসির ভক্তরা কিভাবে নেয় দেখা যাক! মেসির ভক্তদের ইনভাইট করুন সবাই।” (বানান অবিকৃত রাখা হয়েছে)
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যাচ্ছে, ছবিটি বিগত কয়েক বছরে অসংখ্যবার বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। ( যেমন দেখুন এখানে,এখানে,এখানে,এখানে) এসব পোস্টের আলোচনা থেকে জানা যাচ্ছে যে এই ছবিতে লিওনেল মেসির পাশে তার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সতীর্থ সার্জিও আগুয়েরোকে দেখা যাচ্ছে। মেসি এবং আগুয়েরো জাতীয় দলে একসাথে ৮৮ ম্যাচ খেলেছেন এবং তারা ছোটবেলা থেকে বেশ ভাল বন্ধু বলে জানা যাচ্ছে।
তবে মূলধারার কোনো সংবাদমাধ্যমে, কিংবা সামাজিক মাধ্যমেরই কোনো ক্লাব বা দলের অফিসিয়াল ভেরিফায়েড পেজ থেকে এই ছবিটি খুঁজে পাওয়া যায় নি। তাই ধারণা করা যায় যে, এই ছবিটি একেবারেই অনানুষ্ঠানিক ভাবে তোলা হয়েছিল ,ফলে অফিসিয়াল কোনো প্রয়োজনে এই ছবিটি ব্যবহার করা হয়নি। লিওনেল মেসি বা আগুয়েরোর ভেরিফায়েড প্রোফাইল বা তাদের কোনো স্পন্সরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও এই ছবিটি কখনো ব্যবহার করতে দেখা যায় নি। ছবিটি তোলার তারিখ,স্থান বা ফটোগ্রাফার সম্পর্কেও কিছু জানা যায়নি, তবে আমাদের অনুসন্ধানে ৭ বছর আগে থেকেই ছবিটি অনলাইনে দেখতে পেয়েছি।
এছাড়া, এপস্টিন লাইব্রেরি থেকে যেসব ছবি এবং ডকুমেন্ট প্রকাশ করা হয়েছে, তার প্রতিটির কোনায় একটি ক্রমিক নম্বর দেওয়া রয়েছে । (যেমন-EFTA00871522 ) তবে এই ছবিতে এমন কোনো নম্বর দেখা যাচ্ছে না।
অন্যদিকে, এপস্টিন লাইব্রেরিতে এ বিষয়ে অনুসন্ধান চালানোর চেষ্টা করতে গিয়ে, সার্জিও আগুয়েরোর নাম লিখে সার্চ করলে কোনো ফলাফল পাওয়া যায়নি।
লিওনেল মেসির নাম লিখে সার্চ করলে এই লাইব্রেরিতে কোনো ছবি পাওয়া যায়নি। কেবলমাত্র ২ জায়গায় ২ টি ডকুমেন্টে ভিন্ন ব্যক্তির আলোচনায় রেফারেন্স হিসেবে মেসির নাম উঠে এসেছে। EFTA00871522 শীর্ষক ডকুমেন্টে, জনৈক বরিস নিকোলিচ এর কাছ থেকে জেফরি এপস্টিনের কাছে একটি ই-মেইল তুলে ধরা হয়েছে। এই ই-মেইলে বিশ্বের শ্রেষ্ঠ প্রশংসিত ব্যক্তিদের নিয়ে একটি নিবন্ধ শেয়ার করা হয়েছে। উক্ত নিবন্ধের এক পর্যায়ে অমিতাভ বচ্চন, শচীন টেন্ডুলকার,লিওনেল মেসি ইত্যাদি কয়েকজনের নাম উঠে এসেছে।
দ্বিতীয়ত, EFTA00653373 শীর্ষক ডকুমেন্টে, সাবেক মার্কিন রাষ্ট্রপতি জিমি কার্টারের সাথে সাক্ষাৎকারের এক পর্যায়ে বিশ্বকাপ ফুটবল এবং লিওনেল মেসির প্রসঙ্গ আলোচিত হয়। আলোচনা দেখে ধারণা করা যায়, এই সাক্ষাৎকারটি সম্ভবত ২০১২ সালের বিশ্বকাপের আগে করা হয়েছিল।
অর্থাৎ দেখা যাচ্ছে, এপস্টিন ফাইলসের মধ্যে লিওনেল মেসির কোনো অপরাধের ছবি, বা কোনো ডকুমেন্টের মধ্যে তার জড়িত থাকার কোনো প্রমাণ নেই।
ফলে , সম্পূর্ণ ভিত্তিহীন দাবিতে ছড়ানো ছবিগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
Claim: এপস্টিন ফাইলসে ফুটবল তারকা লিওনেল মেসির ব্যক্তিগত মুহূর্তের একটি ছবি ফাঁস হয়েছে বলে অনেকে দাবি করছেন। ছবিতে তাকে একজন পুরুষ সঙ্গীর সাথে দেখা যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh