সম্প্রতি ফেসবুকে একটি জনসমাগমের ভিডিও ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে দাবি করা হচ্ছে যে, এটি দিল্লিতে আয়োজিত সিজেপি (CJP)-এর সাম্প্রতিক আন্দোলনে রাতের একটি দৃশ্য। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি ভারতের দিল্লির কোনো আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে এটি ভিয়েতনামের ব্যাক নিন (Bac Ninh) প্রদেশের একটি অনুষ্ঠানের দৃশ্য।
ভাইরাল ভিডিওটির মূল উৎস খুঁজে পেতে এর বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর ‘Ming hayho’ নামের অন্য একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটির অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। ক্যাপশনে #BacNinh ও #thanhphobacninh হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। ভিডিওটিতে ‘Lotte Mart’ নামের একটি শপিং মল দৃশ্যমান ছিল।
ভিয়েতনামের জাতীয় সংসদ ‘Bac Ninh’-কে প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা করায় ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর বাক জিয়াং (Bac Giang) ওয়ার্ডে এক বিশাল উদযাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘Ấn tượng VTV’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আপলোড করা পুরো অনুষ্ঠানের একটি ভিডিও পাওয়া যায়। যদিও ভিডিওটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা। উক্ত ভিডিওটির শুরুর অংশে এই ‘Lotte Mart’ শপিং মলটি দেখতে পাওয়া যায়।
আবার, স্থানটি শতভাগ নিশ্চিত করতে গুগল ম্যাপসে ভিয়েতনামের ব্যাক নিন প্রদেশে অবস্থিত ‘Lotte Mart’-এর আশেপাশের রাস্তার ২০১৭ সালের স্ট্রিট ভিউ বিশ্লেষণ করা হয়। ২০২৬ সালের ৩০ জুলাই উক্ত স্থানে ‘Lotte Mart’ চালু হওয়ার আগে ২০১৭ সালের স্ট্রিট ভিউতে সেখানে ভিন্ন নামে একটি স্থাপনা দৃশ্যমান ছিল। ২০২৬ সালে দৃশ্যমান কিছু আধুনিক স্থাপনা ২০১৭ সালের স্ট্রিট ভিউতে অনুপস্থিত থাকলেও, চারপাশের পুরোনো ভবন ও রাস্তার অবকাঠামো হুবহু একই পাওয়া যায়।
উল্লেখ্য, ভিয়েতনামের ব্যাক নিন প্রদেশে ২০২৬ সালের ৩০ জুলাই এই ‘Lotte Mart’ শপিং মলটি চালু হয়। অন্যদিকে, ভারতের রাজধানী দিল্লিতে ‘Lotte Mart’ নামে কোনো শপিং মল বা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে স্থানটি ভারতের দিল্লি নয়, বরং ভিয়েতনামের।
কাজেই ভিডিওর সঙ্গে ভারতের চলমান আন্দোলনের সম্পর্ক নেই। তাই সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।
No Factcheck schema data available.
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh