ইসলামী বক্তা জুবায়েরকে নিয়ে দৈনিক ইত্তেফাকের নামে ভুয়া ফটোকার্ড

37
ইসলামী বক্তা জুবায়েরকে নিয়ে দৈনিক ইত্তেফাকের নামে ভুয়া ফটোকার্ড
ইসলামী বক্তা জুবায়েরকে নিয়ে দৈনিক ইত্তেফাকের নামে ভুয়া ফটোকার্ড

গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার ভাইরাল হওয়ার পরে এর পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এর মধ্যে দেখা যাচ্ছে, দৈনিক ইত্তেফাকের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে একজন ইসলামী বক্তা দাবি করছেন, এইরকম যৌন নির্যাতনের বিপরীতে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। কিন্তু দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড প্রকাশিত হয়নি। ইত্তেফাকের নামে এই ফটোকার্ডটি বানানো।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।

এসব কার্ডের শিরোনাম ছিল- “বলাৎকার ইসলাম ধর্মে হালাল এবং জায়েজ। হারাম হিসেবে কোথাও উল্লেখ নেই।’’- গাজীপুর বলাৎকারের অভিযোগে নির্যাতনের শিকার আলেমের প্রসঙ্গে ফেসবুক লাইভ- শিশুবক্তা জোবায়ের (বানান অবিকৃত রাখা হয়েছে)।


দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টঙ্গীর আউচপাড়া এলাকায় এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মুসলেউদ্দিনকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরে ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত মুসলেউদ্দিন ওই মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাচ্ছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। একপর্যায়ে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে। পরে তার বাবা দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।  

দৈনিক নয়াদিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে কথিত যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে একটি মাদরাসায় হামলা, ব্যাপক ভাঙচুর, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন অন্তত দুই শিক্ষক ও একজন কর্মচারী। গতকাল বুধবার পৌনে ১২ টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মধ্য আউচপাড়ার এসএস একাডেমি রোডে অবস্থিত ‘ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’য় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ কথিত যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। একই সাথে মাদরাসা ভাঙচুর ও লুটপাট তথা মব সৃষ্টির পৃথক অভিযোগে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুলিশ। অভিযুক্ত অভিভাবক শাহাজালাল রুমি লুটপাটের কথা অস্বীকার করে উল্টো শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমার মেয়ে ওই মাদরাসার প্রথম শ্রেণীতে পড়ে। গত ১৯ অক্টোবর শিক্ষক মোসলিম উদ্দিন আমার মেয়েকে অসৎ উদ্দেশ্যে চুমু দেয়। ঘটনাটি জানতে পেরে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।’

এই ঘটনা নিয়ে সময় টিভি, ডেইলি ক্যাম্পাস সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এই ঘটনার একটি ভিডিও ক্লিপ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিওতে শিশুটির অভিভাবককে উক্ত মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে জেরা করতে দেখা যায়। একটু পরে ওই অভিভাবক ভাইস প্রিন্সিপালের মুখে একটি থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে তাকে মাটিতে রেখেই পিটুনি দিতে দেখা যায় ভিডিওতে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিচ্ছেন। ইসলামী বক্তা জুবায়ের আহমাদ তাশরীফ ২২ অক্টোবর সন্ধ্যা ৬ টা ২৬ মিনিটে একটি ফেসবুক লাইভে এই ঘটনার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ১৫ মিনিটের এই ভিডিওতে তার উল্লেখযোগ্য কথাগুলো ছিল এ রকম- 

“কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে বলাৎকার করে, তাইলে তাকে কুত্তার মতো পিটানো দরকার। শিশু ধর্ষণ বা বলাৎকার যদি আসলেই হয়ে থাকে, তাহলে আমি এর শাস্তি চাই। ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে আমি তখন নিজে পিটাব। গাজীপুরের ঐ ঘটনা একটা ষড়যন্ত্র। বাচ্চাটা রেজাল্ট ভাল করেছিল বা কিছু একটা হয়েছিল, হুজুর বলেছিল, তোমাকে আমি একটা চুমি দেই? মানে চুমু দিতে চেয়েছে, দেয়নাই। আচ্ছা ধরলাম, আসলে চুমু দিয়েছে, তাতে কি হইছে? এর জন্য তুই এইভাবে পিটাবি?কোনজায়গায় ধর্ষণ করছে, বলাৎকার করছে, প্রমাণ দে, হাসপাতালে যা। এরপরে আমার কাছে আয়। ওই বেয়াদবকে এক দিনের মধ্যে আইনের আওতায় আনতে হবে । আইন যদি আইনের জায়গায় না থাকে, তাহলে একদিন পরে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। ওই বেয়াদব যেভাবে পিটাইছে, তাকে যে কিভাবে পিটানো হবে তার ভাষা নাই, আল্লাহর কসম। ওই নরাধম যদি ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চায়, ওই বেয়াদবকে যদি ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা না হয়, তাইলে জনগণ তাকে গণধোলাই দিবে। গণধোলাইয়ের পরে সে আলুভর্তা হবে না ডাইলভর্তা হবে সেটা আর দেখার বিষয় না। কোনো আলেমের উপর বাংলাদেশে যদি হাত উঠে, তাইলে সেই হাত ভেঙে ফেলা হবে। শুধু হাত না, সেই দেহটা জীবিত থাকবে কিনা সেটা পরের হিসাব হবে ইনশাল্লাহ।’’


১৫ মিনিটের এই বক্তব্য শুনে দেখা যাচ্ছে, “বলাৎকার ইসলাম ধর্মে হালাল এবং জায়েজ। হারাম হিসেবে কোথাও উল্লেখ নেই’’- এমন কোনো বক্তব্য তিনি এখানে দেননি। এর বাইরে তার এ ধরনের কোনো বক্তব্য অন্য কোথাও আছে কি না খুঁজে দেখা হলে এর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। 

তবে এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, দৈনিক ইত্তেফাকের লোগোসহ এই ফটোকার্ডটি ভুয়া। ইত্তেফাক এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ডগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

Claim:
গাজীপুরের টঙ্গীতে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপালকে এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার ভাইরাল হওয়ার পরে এর পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এর মধ্যে দেখা যাচ্ছে, দৈনিক ইত্তেফাকের লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে একজন ইসলামী বক্তা দাবি করছেন, এইরকম যৌন নির্যাতনের বিপরীতে কোনো ধর্মীয় বিধিনিষেধ নেই। কিন্তু দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড প্রকাশিত হয়নি। ইত্তেফাকের নামে এই ফটোকার্ডটি বানানো।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh