ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি মারদিয়া মমতাজের একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে তার পরনের পোশাক নিয়ে নেতিবাচক বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মারদিয়া মমতাজের এই ছবিটি এআই জেনারেটেড। ভিন্ন একটি ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় এটি তৈরি করা হয়েছে।
ছবিটি নিয়ে অনুসন্ধানে মারদিয়া মমতাজের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ মার্চে করা একটি পোস্ট পাওয়া যায়। এতে সংযুক্ত ছবির মারদিয়ার পরিহিত নিকাব, হাতঘড়ি, মাইকের সঙ্গে ফেসবুকে প্রচারিত ছবিটিতে থাকা নিকাব, ঘড়ি, মাইকের মিল পাওয়া যায়। এ ছাড়া ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও আলোচিত ছবির হুবহু মিল রয়েছে।
মারদিয়া মমতাজের ফেসবুক পোস্টটিতে তাকে বোরকা পরা অবস্থায় দেখা যায়।
এ ছাড়া ফেসবুকে প্রচারিত ছবিটিতে গুগলের এআই প্রযুক্তি জেমিনির লোগো দেখা যায়। এই প্রযুক্তি ব্যবহার করে কিছু তৈরি করা হলে এই ওয়াটারমার্ক বা জলছাপটি সাধারণত থেকে যায়। অবশ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেটিও মুছে দেওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সেটা করা হয়নি।
ফলে ছবিটি এআই জেনারেটেড হতে পারে। এই সম্ভাবনা থেকে ছবিটি এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী একাধিক টুল দিয়ে যাচাই করে দেখা হয়। টুলগুলোর বিশ্লেষণে ছবিটি প্রায় শতভাগ এআই জেনারেটেড বলে ধারণা পাওয়া যায়।
আবার ছবিটিতে জেমিনির লোগো থাকায় গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়েও যাচাই করে দেখা হয়। এই টুলটিও ছবিটি গুগল এআই দিয়ে তৈরি বা এডিট বলে ধারণা দেয়।
অনুসন্ধানে পাওয়া এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ মারদিয়া মমতাজের আলোচিত ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি মারদিয়া মমতাজের একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটিতে তার পরনের পোশাক নিয়ে নেতিবাচক বিভিন্ন মন্তব্য করা হচ্ছে।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh