যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লন্ডনে সোয়াস ইউনিভার্সিটিতে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ফুটেজও প্রচার করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে, একটি গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হচ্ছে। এমন পরিপ্রেক্ষিতে ফেসবুকে মাহফুজ আলমের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি তার ওপর ডিম ছোড়ার দৃশ্য।
কথিত ছবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চে উইকিপিডিয়ায় উপদেষ্টা মাহফুজ আলমের একটি ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে মাহফুজ আলমকে ডিম ছোড়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে। অর্থাৎ ছবি দুটিতে মাহফুজ আলমকে একই পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ছবি দুটিতে তার মুখের ভঙ্গিমাও এক। যদিও ছবি দুটির ব্যাকগ্রাউন্ড এক নয়।
উইকিপিডিয়ার বর্ণনা থেকে জানা যায়, মাহফুজ আলমের এই ছবিটি ২০২৪ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান। চলতি বছরের ফেব্রুয়ারিতেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে মাহফুজ আলমের এই ছবিটি ব্যবহার করা হয়েছে। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে।
তুলনামূলক বিশ্লেষণে এটি ধারণা করা যায়, মাহফুজ আলমের ওপর ডিম ছোড়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এডিট করা। ভিন্ন সময়ের একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে ব্যাকগ্রাউন্ড এডিট করে ভাঙা ডিম জুড়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া সোয়াস ইউনিভার্সিটিতে আয়োজিত সেমিনারে উপদেষ্টা মাহফুজ আলমকে যে পোশাকে উপস্থিত হতে দেখা যায়, সেটির সঙ্গে মাহফুজ আলমের ওপর ডিম ছোড়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবির পোশাকেরও মিল নেই। এ নিয়ে সংবাদমাধ্যমে মাহফুজ আলমের প্রকাশিত ছবি দেখুন এখানে।
পাশাপাশি লন্ডনের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অনুষ্ঠানের একটি ভিডিও ফুটেজও পাওয়া যায়। ফুটেজটি দেখুন এখানে।
এসব বিশ্লেষণ থেকে নিশ্চিত হওয়া যায়, মাহফুজ আলমের ওপর ডিম ছোড়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড। তাই ফ্যাক্টওয়াচ এই ছবিটিকে বিকৃত হিসেবে সাব্যস্ত করছে।
Claim: যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ডিম ছোড়ার দৃশ্য
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh