বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলা হচ্ছে, এ ধরণের একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে ইঙ্গিত করা হচ্ছে, ছবিটি সাম্প্রতিক সময়ের। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি ২০১৮ সালের ডিসেম্বরে সেগুনবাগিচা এলাকায় মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার সময় তার নেতা-কর্মীদের ওপর তৎকালীন সরকারদলীয় নেতা-কর্মী বা সমর্থকদের হামলা চালানোর।
অনুসন্ধানের শুরুতে, আলোচিত ছবিটিতে রিভার্স ইমেজ সার্চে প্রথম আলো’র একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণাকে ঘিরে সেই সময় বিএনপিসহ বিরোধী জোটের প্রার্থীদের ওপর হামলা হয়েছিল। এই প্রতিবেদনের সঙ্গে মির্জা আব্বাসের ওপর হামলার আলোচিত ছবিটি যুক্ত রয়েছে। অর্থাৎ আলোচিত ছবিটি বর্তমান সময়ের নয়।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশ রূপান্তরের একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর। এই প্রতিবেদন থেকে জানা যায়, সেই সময় রাজধানীর সেগুনবাগিচার কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারকালে হামলায় ৬০ নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এই প্রতিবেদনের সঙ্গেও মির্জা আব্বাসের আলোচিত ছবিটি যুক্ত রয়েছে। ছবিটির ক্যাপশনে বলা হয়েছে- “রাজধানীর সেগুনবাগিচায় মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলা চলানো হয়। ছবি: দেশ রূপান্তর।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর মীর্জা আব্বাস তাকে হাসপাতালে দেখতে গেলে তোপের মুখে পড়েন। এরই প্রেক্ষিতে উক্ত ছবিটি ভাইরাল হচ্ছে। যা দেখে অনেকেই ভাবছেন এটি হয়তো তার সাথে ঘটা সাম্প্রতিক কোনো ঘটনা।
কিন্তু মূলধারার সংবাদমাধ্যমের বরাতে এটি স্পষ্ট যে, আলোচিত ছবিটি বর্তমান সময়ের নয়, ২০১৮ সালের। ফলে সঙ্গত কারণে, এসব ফেসবুক পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলা হচ্ছে, এ ধরণের একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে ইঙ্গিত করা হচ্ছে, ছবিটি সাম্প্রতিক সময়ের।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh