সম্প্রতি ফেসবুকে ৩১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে, ভারতের একটি সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত করেছে পাকিস্তান। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি কাঁধে বহনযোগ্য একটি মিসাইল থেকে গোলা ছুঁড়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত করে দিলো। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের নয় বরং ২০১৬ সালের ১৪ মে কুর্দি-তুর্কী সংঘর্ষের।
অনুসন্ধানের শুরুতেই রিভার্স ইমেজ সার্চে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন পাওয়া যায়।
এই প্রতিবেদন থেকে জানা যায়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে), তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে এমন একটি ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশ করে। ভিডিওটিতে দাবি করা হয়, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাড ব্যবহার করে দক্ষিণ-পূর্ব তুরস্কের পাহাড়ে কোবরা অ্যাটাক চালিয়ে একটি হেলিকপ্টার ভূপাতিত করেছেন এক যোদ্ধা । অস্ত্র বিশ্লেষকদের মতে, চল্লিশ বছরের লড়াইয়ে প্রথমবারের মতো পিকেকে যোদ্ধারা সফলভাবে ম্যানপ্যাডস ব্যবহার করেছে।
পুনরায় অনুসন্ধানে আরও একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনটিও প্রকাশিত হয়েছে ২০১৬ সালের ১৪ মে।
এই প্রতিবেদনটি থেকে জানা যায় যে, অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন পিকেকে গেরিলা ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (MANPADS) দিয়ে একটি তুর্কি কোবরা হেলিকপ্টার ভূপাতিত করছে। ভিডিওটিতে একজন যোদ্ধা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র চালাচ্ছেন। ক্ষেপণাস্ত্রটি হেলিকপ্টারটির পেছনের অংশে আঘাত হানলে সেটি ঘুরতে ঘুরতে একটি পাহাড়ের পেছনে বিধ্বস্ত হয়।একটি কণ্ঠস্বরকে চিৎকার করে বলতে শোনা যায়: “কোবরা ভূপাতিত! দারুণ কাজ!”
MANPADS নামে পরিচিত এই নির্দেশিত অস্ত্রগুলো স্থলবাহিনীকে শত্রু বিমানের হাত থেকে রক্ষা করার জন্য তৈরি এবং নিচু দিয়ে উড়ে যাওয়া যানের জন্য, বিশেষ করে হেলিকপ্টারের জন্য এগুলো বড় ধরনের হুমকি।
ফলে সঙ্গত কারণে বলা যায় যে, উল্লেখ্য ভিডিওটি ভারত-পাকিস্তানের চলমান সংঘর্ষের নয়।
সুতরাং এই ধরণের ক্যাপশনযুক্ত ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করা হলো।
Claim: সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে, এটা পাকিস্তান কর্তৃক ভারতের একটি সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত করার দৃশ্য।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh