নিহত আয়াতুল্লাহ খামেনির ছবি দাবিতে একাধিক এআই ছবি, ভিডিও প্রচার

14
নিহত আয়াতুল্লাহ খামেনির ছবি দাবিতে একাধিক এআই ছবি, ভিডিও প্রচার
নিহত আয়াতুল্লাহ খামেনির ছবি দাবিতে একাধিক এআই ছবি, ভিডিও প্রচার

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হয়েছেন। তার মৃত্যুর ঘটনায় ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এগুলো খামেনির মৃত্যুর পরে তোলা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবি ও ভিডিওগুলোর কোনোটি এআই জেনারেটেড আবার কোনোটি অন্তত এক মাস পুরোনো। 

ছবি ১: 

এই ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে একজনের মুখাবয়ব দেখা যাচ্ছে। রিভার্স ইমেজ সার্চে ইনস্টাগ্রামের দুইটি অ্যাকাউন্টে পাওয়া যায় ছবিটি। এর মধ্যে ‘sarnegoni_2026‘ নামের একটি অ্যাকাউন্টে ২৫ জানুয়ারি ছবিটি পাওয়া যায়। ক্যাপশনে লেখা, ‘Coming soon..’। ‘kafesepiid’ নামের আরেকটি অ্যাকাউন্টে এই ছবিটি পাওয়া যায় ৬ জানুয়ারি। 

অপরদিকে খামেনির মৃত্যু নিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। এর আগে খামেনি তার নির্ধারিত দায়িত্বপালন করছিলেন এবং তার কর্মক্ষেত্রে (দপ্তরে) উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়। 

সংবাদমাধ্যমটি বলেছে, শনিবার সকালের প্রথম কয়েক ঘণ্টায় এই ‘কাপুরুষোচিত’ হামলাটি ঘটেছে।

অর্থাৎ খামেনির মৃত্যুর অনেক আগে থেকেই ছবিটি ইন্টারনেটে বিদ্যমান। এ ছাড়া খামেনির দাবিতে প্রচারিত ছবিটিতে থাকা মুখাবয়বটিও অস্বাভাবিক। এর সঙ্গে খামেনির প্রকৃত চেহারার খুব বেশি মিল নেই। এমন প্রেক্ষাপটে ছবিটি এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী বেশ কিছু টুলের সাহায্যে যাচাই করে দেখা হয়। 

বিশ্লেষণে ছবিটিকে এআই জেনারেটেড হিসেবে চিহ্নিত করেছে টুলগুলো। অর্থাৎ এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের নয়। 

ফেসবুকে এই ছবিযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ছবি ২:

ফেসবুকে এই ছবিযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ছবিতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচে এক ব্যক্তি পড়ে আছেন। কয়েকজন উদ্ধারকর্মী তাকে উদ্ধার করার চেষ্টা করছে। বিশ্বের নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যমেও খামেনিকে উদ্ধারের দাবিতে প্রচারিত এই ছবিটি পাওয়া যায়নি। সংবাদমাধ্যমগুলোতে খামেনির নিহতের তথ্য প্রচার করা হলেও এখন পর্যন্ত কোনো ছবি প্রকাশ করা হয়নি। 

ছবিটি বিশ্লেষণে দেখা যায়, এখানে যে ব্যক্তিকে খামেনি দাবি করা হচ্ছে, তার সঙ্গে খামেনির প্রকৃত চেহারার মিল নেই। এ ছাড়া ছবিতে বড় কংক্রিটের স্ল্যাবটি যেভাবে লোকটির শরীরের ওপর পড়ে আছে, তা অস্বাভাবিক এবং এটি প্রায় ওজনহীন বলে মনে হচ্ছে। 

এমন প্রেক্ষাপটে এআই জেনারেটেড কিনা সেটি যাচাই করতে বেশ কিছু এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুলের সহায়তা নেওয়া হয়। বিশ্লেষণে টুলগুলো ছবিটিকে এআই জেনারেটেড হিসেবে চিহ্নিত করেছে। 

ভিডিও 

ফেসবুকে এই ভিডিওযুক্ত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। 

ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতে দেখা যায়, তিন সেনা সদস্য স্ট্রেচারে ইরানের পতাকা মোড়া কিছু বহন করে নিয়ে যাচ্ছে। ভিডিওটি পর্যবেক্ষণে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়। যেমন, ভিডিওটিতে তিনজন সেনা সদস্যকে স্পষ্ট দেখা গেলেও এক পর্যায়ে চতুর্থ এক ব্যক্তিকে দেখা যায়। এই ব্যক্তি তার সামনের সেনা সদস্যের সঙ্গে মিশে যাচ্ছিল। স্পষ্ট দৃশ্যমান তিন সেনা সদস্যের চলাফেরাও অস্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে তাদের দেহ স্ট্রেচারের সঙ্গে মিশে যাচ্ছে। এসব অসঙ্গতি সাধারণত এআই জেনারেটেড ভিডিওতে দেখা যায়। 

এ ছাড়া নির্ভরযোগ্য আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম সূত্রেও ভিডিওটির কোনো সত্যতা পাওয়া যায়নি।  পরবর্তীতে এটি বেশ কিছু এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুলের সাহায্যে যাচাই করে দেখা হয়। 

বিশ্লেষণে টুলগুলো ভিডিওটিকে এআই জেনারেটেড হিসেবে চিহ্নিত করেছে।

এসব বিশ্লেষণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ খামেনি দাবিতে প্রচারিত ছবি ও ভিডিওগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হয়েছেন। তার মৃত্যুর ঘটনায় ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এসব খামেনির মৃত্যুর পরে তোলা।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh