আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের দুই প্রার্থী বিএনপির মির্জা আব্বাস ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে জড়িয়ে ফেসবুকে একাধিক মিডিয়ার কিছু ফটোকার্ড ছড়িয়েছে। এর মধ্যে কালের কণ্ঠের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি।’ এছাড়া ডিবিসি নিউজের নাম ও লোগোযুক্ত ফটোকার্ডেও এমন দাবি দেখা যায়। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, ফটোকার্ড দুটি ভুয়া। কালের কণ্ঠ বা ডিবিসি নিউজ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
অনুসন্ধানে পাওয়া এই ফটোকার্ডের সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মির্জা আব্বাসের হুমকি দেওয়ার দাবিতে প্রচারিত ফটোকার্ডটির হুবহু মিল রয়েছে। দুটিই প্রকাশের তারিখ ২৭ জানুয়ারি, ২০২৬। ফটোকার্ডে ব্যবহৃত নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবিও এক। এই ফটোকার্ডটির শিরোনাম, ‘আমাকে ডিম মেরেছে, ঘু/ষি দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী।’
এর বাইরে কালের কণ্ঠের ফেসবুক পেজ, ওয়েবসাইট খুঁজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মির্জা আব্বাসের হুমকি দেওয়ার দাবিতে কোনো সংবাদ পাওয়া যায়নি।
দেশের অন্য কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ফলে এটি নিশ্চিত হওয়া যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে করা কালের কণ্ঠের একটি ফটোকার্ড এডিট করে কথিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ডিবিসির নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি যাচাই
এই ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চে ডিবিসি নিউজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিন্ন আরেকটি ফটোকার্ড পাওয়া যায়। আজ বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ফটোকার্ডটির সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডটির হুবহু মিল পাওয়া যায়। দুটি ফটোকার্ডই প্রকাশের তারিখ ২৮ জানুয়ারি, মির্জা আব্বাসের ছবিও এক।
এই ফটোকার্ডটির শিরোনাম, ‘বাবা, তোমাদের এখনো বয়স হয়নি, শ্রদ্ধা করতে শিখো: মির্জা আব্বাস।’
আবার নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসকে জড়িয়ে প্রচারিত কথিত ফটোকার্ডটিতে ব্যবহৃত ফন্টের সঙ্গে ডিবিসি নিউজের ফটোকার্ডে ব্যবহৃত টেক্সটের ফন্টেরও মিল পাওয়া যায়নি।
এর বাইরে ডিবিসি নিউজের ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব খুঁজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে মির্জা আব্বাসের এমন বক্তব্য নিয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
এ ছাড়া দেশের অন্য কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
ফলে এটি নিশ্চিত হওয়া যায়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে করা মির্জা আব্বাসের বক্তব্য দাবিতে প্রচারিত ডিবিসি নিউজের ফটোকার্ডটি বানানো। মির্জা আব্বাসের ভিন্ন আরেকটি ফটোকার্ড এডিট করে কথিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উপরিউক্ত অনুসন্ধানের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসকে নিয়ে কালের কণ্ঠ ও ডিবিসি নিউজের নাম ও লোগোযুক্ত ফটোকার্ড দুটিকে বিকৃত হিসেবে সাব্যস্ত করছে।
Claim: কালের কণ্ঠের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে মির্জা আব্বাসের সরাসরি হত্যার হুমকি।’ এছাড়া ডিবিসি নিউজের নাম ও লোগোযুক্ত ফটোকার্ডেও এমন দাবি দেখা যায়।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh