প্রধানমন্ত্রীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যটি ভুয়া নয়

17
প্রধানমন্ত্রীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যটি ভুয়া নয়
প্রধানমন্ত্রীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যটি ভুয়া নয়

ফ্যাক্টচেকের নামে ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডিজিএফআইকে জড়িয়ে প্রচারিত এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যটি ভুয়া। ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, ‘তারেকের ওই সময় মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটার নিশ্চয়তা দিতে পারছি না। সেবার হয়তো DGFI করেছিল, এবার আমরা করতে পারি।-এমন কোনো মন্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারী করেননি।’ ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী ও ডিজিএফআইকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি করেছিলেন। তার বক্তব্যের কিছুটা পরিবর্তিত রূপ ফটোকার্ড হিসেবে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট রিভিউ নামে একটি ফেসবুক পেজ সেটিকেই ফ্যাক্টচেক আকারে ভুয়া বলছে।

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে একুশে টিভির ইউটিউব চ্যানেলে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাক্ষাৎকারটি পাওয়া যায়। গত ১৮ মে চ্যানেলটির ইউটিউবে সাক্ষাৎকারটি আপলোড করা হয়। ৪৭ মিনিটের দীর্ঘ সাক্ষাৎকারটির ৩ মিনিট সময়কালে উপস্থাপক নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজশাহী সফরের একটি ভিডিও ফুটেজ দেখান। 

সেখানে পাটওয়ারী বলেন, ‘আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে আপনার গদি থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না।’

এরপর উপস্থাপক পাটওয়ারীকে প্রশ্ন করেন, তারেক রহমানের গদি রক্ষার জন্য আপনাদের কাছে তার নিশ্চয়তার প্রয়োজন আছে কি না? 

উত্তরে তিনি নির্বাচন, গণভোট, গণ অভ্যুত্থান, সংস্কার এসব নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘একটা চেয়ারের চারটা পায়া থাকে তো, একটা একটা করে নড়চড় শুরু হবে। কখনো এদিকে হেলবে কখনো ওদিকে হেলবে। একটা পর্যায়ে ভেঙে পড়ে যাবে।’

এই পর্যায়ে উপস্থাপক বলেন, ‘কোনদিকে হাঁটছে সরকার? কি মনে হয়?’

৪ মিনিট ৫৫ সেকেন্ড সময়কালে নাসীরুদ্দীন পাটওয়ারী এর উত্তরে বলেন, ‘একটা সময় তো মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না।  ওই সময় হলো ডিজিএফআই করেছিল বা অন্যান্য গোয়েন্দা সংস্থা। এবার হয়তো জনগণ করবে।’

সাক্ষাৎকারের এই অংশটি একুশে টিভির ভেরিফায়েড ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে। দেখুন এখানে। 

প্রসঙ্গত, গত ৩০ মার্চ রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকীকে উদ্ধৃত করে প্রথম আলো লিখেছে,  বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ঘটনা এক-এগারোর সময় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক নেতা–কর্মী ও ব্যবসায়ীদের অত্যাচার করেছিলেন। তখন তারেক রহমানকেও ডিজিএফআইয়ের সদস্যরা গ্রেপ্তার করে নির্যাতন করেছিলেন। 

সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইঁয়ার বক্তব্যেও ঘটনাটি উঠে এসেছে। 

উপরিউক্ত বিশ্লেষণ থেকে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডিজিএফআইকে জড়িয়ে মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যই কিছুটা পরিবর্তিত হয়ে ফেসবুকে প্রচার হচ্ছে। পাটওয়ারীর মন্তব্যটি ভুয়া নয়। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে। 

Claim:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্ধৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, “তারেকের ওই সময় মেরুদণ্ড ভেঙেছিলো, এবার কি ভাঙে সেটার নিশ্চয়তা দিতে পারছিনা। সেবার হয়তো DGFI করেছিলো, এবার আমরা করতে পারি।”

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh