সম্প্রতি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগের সহকারী পরিচালক (মেট্রো-১) মো: আব্দুল জব্বার মন্ডলকে মারধর করা হচ্ছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ২৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, একদল লোক হালকা আকাশী রঙের জামা পরা এক ব্যক্তিকে মারধর করছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে মারধরের শিকার ব্যক্তিটি ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক (মেট্রো-১) মো: আব্দুল জব্বার মন্ডল নন। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত সপ্তাহের মঙ্গলবার (১৩ মে) সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় তাকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে একদল ব্যক্তি।
দাবিটির সত্যতা যাচাইয়ে গত সপ্তাহের বুধবার (১৪ মে, ২০২৫) সকালে জয়তূর্য চৌধুরী নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও নজরে আসে ফ্যাক্টওয়াচের। ভিডিওটির ৩৩ সেকেন্ডে থাকা ফুটেজের সঙ্গে আব্দুল জব্বার মন্ডলকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।
জয়তূর্য চৌধুরীর পোস্টটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটির ঘটনার সময় গত সপ্তাহের মঙ্গলবার (১৩মে) রাত ৯ টা, ঘটনার স্থান সিলেটের মদনমোহন কলেজ এলাকা। ভিডিওতে যাকে মারধর করা হচ্ছে, তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা।
এসব তথ্যের সূত্রে পরবর্তী অনুসন্ধানে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। গত বুধবার (১৪ মে) প্রকাশিত এই প্রতিবেদনটিতেও মারধরের শিকার ব্যক্তিটিকে একই পোশাকে দেখা যায় এবং চেহারারও মিল পাওয়া যায়।
প্রতিবেদনটি থেকে জানা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে একদল ব্যক্তি। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাশ ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনটিতে ঘটনাটি সম্পর্কে বলা হয়, নির্মলেন্দু রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান। এ সময় একদল লোক তাকে পাকড়াও করে বেধড়ক মারধর করেন। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করেন তারা। পিটুনিতে নির্মলেন্দু রক্তাক্ত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশ নির্মলেন্দুকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
প্রসঙ্গত, ইতিপূর্বে ভিডিওটি বাংলা চলচ্চিত্রের অভিনেতা মিশা সওদাগরকে মারধরের দাবিতে ভাইরাল হয়েছিল। সে সময় দাবিটির সত্যতা যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ফ্যাক্টওয়াচ। প্রতিবেদনটি দেখুন-
এ ছাড়া সাম্প্রতিক সময়ে ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক (মেট্রো-১) মো: আব্দুল জব্বার মন্ডলের ওপর হামলার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফলে এটি নিশ্চিত, আব্দুল জব্বার মন্ডলকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওতে থাকা হালকা আকাশী রঙের জামা পরা ব্যক্তিটি ভিন্ন। তিনি আব্দুল জব্বার মন্ডল না। এই ব্যক্তির নাম নির্মলেন্দু দাশ। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: ম্প্রতি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা বিভাগের সহকারী পরিচালক (মেট্রো-১) মো: আব্দুল জব্বার মন্ডলকে মারধর করা হচ্ছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ২৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, একদল লোক হালকা আকাশী রঙের জামা পরা এক ব্যক্তিকে মারধর করছেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh