সেনাবাহিনীর কয়েকজন সদস্য একজন ব্যক্তিকে ধাওয়া দিয়ে ধরে ফেলার একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ-এর এক গুপ্তচরকে আটক করেছে বিজিবি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এ বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের পাশে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় ৫ জনকে আটক করা হয়। ভিডিওটি সেই ঘটনার।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ফেসবুকে ‘স্টার নিউজ’র একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এ বছরের ১২ ফেব্রুয়ারি আপলোড করা এই প্রতিবেদনের শিরোনাম- মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ, ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। এই ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইত্তেফাকের একটি প্রতিবেদন পাওয়া যায়। ১২ ফেব্রুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম- মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫। এই প্রতিবেদন থেকে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়। সেনাবাহিনী পৌঁছালে দৌড়ে পালানোর চেষ্টা করা ৫ জনকে আটক করা হয়।
কাজেই ভিডিওটি জাতীয় নির্বাচনের দিনে মুন্সিগঞ্জের। মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় গুপ্তচর আটকের নয়। ফলে সঙ্গত কারণে এ ধরনের ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ-এর এক গুপ্তচরকে আটক করেছে বিজিবি।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh