ভারতের আন্দোলনকারী দাবিতে ছড়ানো তরুণীর ছবিটি এআই জেনারেটেড  

48
ভারতের আন্দোলনকারী দাবিতে ছড়ানো তরুণীর ছবিটি এআই জেনারেটেড  
ভারতের আন্দোলনকারী দাবিতে ছড়ানো তরুণীর ছবিটি এআই জেনারেটেড  

ফেসবুকে একজন তরুণীর একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ভারতের ককরোচ পার্টির আন্দোলনে অংশ নিয়েছিলেন ওই তরুণী। পোস্টগুলোতে তার পোশাক নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি বাস্তব নয়, প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। 

এ ধরনের কয়েকটি পোস্ট এখানে, এখানে, এখানে। 

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি)’র নেতৃত্বে আন্দোলনের অসংখ্য ছবি ভারতসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবুও রিভার্স ইমেজ সার্চে আলোচ্য ছবিটির নির্ভরযোগ্য কোনো উৎস কোথাও খুঁজে পাওয়া যায়নি। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদন পাওয়া যায়। জানা যায়, একই ছবি ভারতেও ছড়িয়েছে, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ছবি হিসেবে। প্রতিবেদনটিতে আলোচিত এই ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে উল্লেখ করা হয়। 

এই প্রতিবেদনে আরেকটু বড় ফ্রেমের ছবি পাওয়া যায়। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে। যেমন, তরুণীর আশেপাশে কিছু প্ল্যাকার্ড দেখা যায়, যেগুলো এই আন্দোলনের অংশ হিসেবে যুক্তিসঙ্গত মনে হয় না। এর মধ্যে পিছনের একটি প্ল্যাকার্ডটে থাকা লেখাগুলো কোনো অর্থ তৈরি করে না। এছাড়া ছবিটি অত্যাধিক স্পষ্ট ও উজ্জ্বল। আন্দোলনের ছবি সাধারণত এত উজ্জ্বল দেখা যায় না। এই বৈশিষ্ট্যগুলো এআই ছবির ক্ষেত্রে দেখা যায়।

পরবর্তীতে এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন ব্যবহার করে ছবিটির কৃত্রিম হওয়ার ৯৯% সম্ভাবনা পাওয়া যায়।    

Screenshot

কাজেই আলোচ্য ছবিটি বাস্তব নয়। সঙ্গত কারণে এ ধরনের পোস্টগুলোকে বিকৃত হিসেবে শনাক্ত করছে ফ্যাক্টওয়াচ। 

Claim:
ফেসবুকে একজন তরুণীর একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ভারতের ককরোচ পার্টির আন্দোলনে অংশ নিয়েছিলেন ওই তরুণী।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh